ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হতে পারে
‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সচিবালয়ের কয়েকটি ভবন ও দমকল বাহিনীর প্রধান কেন্দ্রকে ভূমিকম্পরোধক (রেট্রোফিটিং) করার চিন্তাভাবনা চলছে। এই ভবনগুলো ঠিক কতটা ঝুঁকিপূর্ণ, তা খতিয়ে দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হবে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এ কথা বলেন। আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন ও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি’ শীর্ষক আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, ভবনগুলোকে ভূমিকম্পরোধক করতে যদি নতুন ভবন তৈরির চেয়ে বেশি খরচ হয়, তাহলে প্রয়োজনে স্থাপনাগুলো নতুন করে তৈরিও করা হতে পারে। ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ না করে যেসব ঝুঁকিপূর্ণ ভবন তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে দু-একটি ভবন ভেঙে ফেলা হতে পারে, এতে করে নির্মাণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। কোনোভাবেই যেন ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করা না হয়, সে জন্য রাজউকের বাইরে একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তৈরি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।গত সেপ্টেম্বরে পর পর কয়েক দফা ভূমিকম্প হওয়ার পরিপ্রেক্ষিতে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির মহাসচিব মুনাজ আহমেদ নূর। মুনাজ আহমেদ নূর বলেন, খুবই কম তীব্রতার এই ভূমিকম্পগুলোর পর বিভিন্ন পত্রপত্রিকায় কোনো তথ্য ও বিশ্লেষণ ছাড়াই ব্যাপক ক্ষয়ক্ষতি ও ঝুঁকির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আদতে ঢাকার থেকেও বেশি ঝুঁকিতে রয়েছে দিনাজপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামের মতো অঞ্চলগুলো। ঢাকায় ভূমিকম্পের তীব্রতা যদি ৮-৯ পর্যন্ত অনুভূত হয়, তাহলে ক্ষয়ক্ষতি হবে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের ভূমিকম্প মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ভূমিকম্পরোধক নানা ব্যবস্থা আছে, যার মধ্যে কোনো কোনোটি খুবই কম খরচে করা সম্ভব। ঢাকার জন্য ৭ তীব্রতার ভূমিকম্পকে ঝুঁকি হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেছেন, জলাশয় ভরাট করে যেসব ভবন নির্মাণ করা হচ্ছে, তাতে শুধু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে তা-ই নয়; ঠিকমতো নকশা না করে জলাভূমি ভরাট করে ভবন নির্মাণের ফলে ঝুঁকি সৃষ্টি হচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালিক সিকদার বলেন, শুধু ঢাকা মহানগরেই নিয়মকানুন না মেনে ভবন নির্মিত হচ্ছে না, জেলা শহর, উপজেলা পর্যায় পর্যন্ত একই অবস্থা। কারণ, এসব জায়গায় ভবন নির্মাণের অনুমোদন দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ, যাদের বহুতল ভবন তৈরির অনুমোদন দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় আছে। ফলে সর্বত্র ভূমিকম্পের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। আলোচনায় আরও অংশ নেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রমুখ।