তৃতীয় তলার একটি কক্ষের দেয়ালে ফাটল। ছাদ থেকে মেঝেতে এসে নেমেছে। আগে এক চিলতে ফাটল হিসেবে দেখা যেত। গত বুধবার রাতে ভূমিকম্পের পর থেকে এখন বড়সড় ফাটল হিসেবে দেখা যায়। গতকাল শনিবার সকালে ঝড়ের সময় সেই ফাটল থেকে পলেস্তারাও খসে পড়েছে। তবু বাসিন্দাদের থাকতে হচ্ছে।
এই বাসিন্দারা হলেন সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা। চারতলা ভবনের নিচতলা ব্যবহৃত হয় একাডেমিক কাজে। বাকি তিনতলায় ছাত্রীরা থাকেন। ভূমিকম্পে ভবনের অন্তত ৫০টি কক্ষে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষ বসবাস ঝুঁকিপূর্ণ বলে জানালেও পরীক্ষা গ্রহণ অব্যাহত রাখায় ছাত্রীনিবাসের বাসিন্দা অনেককেই বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একতলা একটি ভবনে ১৯৮২ সালে সিলেট নার্সিং ট্রেনিং সেন্টার নামে কার্যক্রম চলত। ২০১১ সালে ওই ভবন চারতলায় রূপান্তর করা হয়। এরপর ট্রেনিং সেন্টারকে নার্সিং কলেজ ঘোষণা করে নিচে শিক্ষা কার্যক্রম, বাকি তিনতলায় আবাসনের জন্য ছাত্রীনিবাস করা হয়।
ছাত্রীনিবাসের আসনসংখ্যা ১৫০। প্রতি তলায় ৫০ জন ছাত্রীর আবাসন-সুবিধা রয়েছে। কিন্তু বসবাস করছেন ৩৭৪ জন। এক-একটি কক্ষে তিনজন করে থাকার কথা থাকলেও আবাসনসংকটের কারণে প্রতিটি কক্ষে ৭ থেকে ১১ জন পর্যন্ত থাকছেন।
ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক আকলিমা বেগম বলেন, ভবনটি পুরোনো। দেয়ালে আগে থেকেই কিছু ফাটল ছিল। বুধবার রাতে ভূমিকম্পের পর এই ফাটলগুলো আরও বড় হয়ে দেখা দিয়েছে। কিন্তু ছাত্রীদের অন্যত্র আবাসনের সুবিধা না দিতে পারায় এ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
বুধবার রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, নার্সিং কলেজের অধ্যক্ষ ছাত্রীনিবাস পরিদর্শন করেছেন জানিয়ে তত্ত্বাবধায়ক আরও জানান, এ সময় তাঁরা প্রকৌশলীদের নিয়ে ওই ফাটল দেখেছেন। সংস্কার করলে ভবনের তেমন কোনো সমস্যা হবে না জানিয়ে ছাত্রীদের নিবাসে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। এরপরও কেউ যদি বাইরে কোনো আত্মীয়স্বজনের বাসায় থাকতে পারেন, তা হলেও কোনো সমস্যা নেই বলে ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের এমন বক্তব্যে ছাত্রীনিবাসের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেল। গতকাল সকালে নার্সিং কলেজে গেলে ছাত্রীরা জানান, বিএসসি দ্বিতীয় ও শেষ বর্ষের চূড়ান্ত ও মৌখিক পরীক্ষা চলছে। এই পরীক্ষা স্থগিত করলে অনেকেই নিরাপদে স্থানান্তর হতে পারতেন। কিন্তু কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ অব্যাহত রেখে শুধু ঝুঁকিপূর্ণ ভবনে থাকা না-থাকার বিষয়ে এমন মতামত দিয়ে যেন দায় সেরেছে।
নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা স্থগিত করার পক্ষে কোনো ছাত্রী নেই। তাই আমরা এ অবস্থায় অতিরিক্ত ফাটল থাকা কক্ষগুলোর ছাত্রীদের মেডিকেল কলেজের কোয়ার্টারে ও শ্রেণিকক্ষে অস্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছি। এ ছাড়া যাঁরা বসবাস নিরাপদ মনে করছেন না, তাঁদেরও অস্থায়ীভাবে স্থানান্তর করা হচ্ছে। চলতি সপ্তাহে পরীক্ষা শেষ হলে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সংস্কারের জন্য হয়তো ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করা হবে।’