ভূমিকম্পে ফাটল বেড়েছে, ঝুঁকি নিয়ে চলছে কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমে ফাটল। খসে পড়েছে পলেস্তারা। মানিকগঞ্জে পুলিশের বেতার বিভাগের ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। তার মধ্যেই চলছে দাপ্তরিক কাজ l ছবি: প্রথম আলো
বিমে ফাটল। খসে পড়েছে পলেস্তারা। মানিকগঞ্জে পুলিশের বেতার বিভাগের ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। তার মধ্যেই চলছে দাপ্তরিক কাজ l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে পুলিশের টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন (বেতার) বিভাগের ভবনটির বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে ফাটল ছিল। সম্প্রতি দুই দফা ভূমিকম্পে সেই ফাটলের মাত্রা আরও বেড়েছে। এ অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে ওই ভবনে কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
১৯৭৯ সালে দ্বিতল এ ভবনটি জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় সদর থানার পূর্ব পাশে স্থাপন করা হয়। নিচ তলায় পাঁচটি কক্ষ ও ওপরে পুলিশ ব্যারাক করা হয়। শুরু থেকে নিচ তলার পাঁচটি কক্ষে পুলিশের বেতার বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। তিন বছর আগে পাঁচটি কক্ষের পশ্চিম পাশের দুটি কক্ষে সহকারী পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয় প্রতিস্থাপন করা হয়। বাকি তিনটি কক্ষে চলে আসছে বেতার বিভাগের কার্যক্রম।
ভবনে ফাটল থাকায় সবসময় আতঙ্কের মধ্যে কাজ করেন পুলিশ সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে সহকারী পুলিশ সুপার কার্যালয়ের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) বলেন, ‘দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অফিসে ঢুকি। কখন যে ভবন ধসে পড়ে, প্রতিনিয়ত সেই আতঙ্কে থাকতে হয়।’
খোঁজ নিয়ে জানা যায়, পাঁচ-ছয় বছর আগে ভবনটির কয়েকটি স্তম্ভ ও বিমসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। চলতি বছরের ৩১ মার্চ ভবনটির মেরামতের জন্য পুলিশ সুপার বিধান ত্রিপুরা টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগের ডিআইজির কাছে লিখিত প্রস্তাব পাঠান। এর পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল ওই বিভাগের পুলিশ সুপার বিধান ত্রিপুরার কাছে একটি চিঠি দেন।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, সংস্কারের প্রয়োজন হলে জেলার পুলিশ সুপারের বরাদ্দ থেকে তা ব্যয় করা হবে। আর নতুন ভবন নির্মাণের প্রয়োজন হলে অর্থবরাদ্দ ও প্রশাসনিক অনুমোদনের জন্য পুলিশ সদরদপ্তরে প্রস্তাব পাঠাতে হবে।
পুলিশ সুপার বিধান ত্রিপুরা ছুটিতে থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি। এমনকি গতকাল সোমবার বিকেলে তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
সরেজমিনে দেখা গেছে, ভবনটির নিচ তলায় চারটি স্তম্ভ ও কয়েকটি বিমে বড় বড় ফাটল। খসে পড়েছে বিভিন্ন স্থানের পলেস্তারা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন পুলিশ সদস্যরা।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম জানান, আগেও স্তম্ভ ও বিমে ফাটল ছিল। কিন্তু ভূমিকম্পে ফাটলের মাত্রা বেড়ে গেছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সদর, সিঙ্গাইর, সাটুরিয়া ও হরিরামপুর থানার বিভিন্ন মামলার কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে ভবনটি অপসারণ করে নতুন আরেকটি ভবন নির্মাণ করা প্রয়োজন।