সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে ভূমিকম্পে ফাটল দেখা দেওয়া ভবনটি ‘ঝুঁকিমুক্ত’ হিসেবে ঘোষণা করেছেন গণপূর্ত অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রকৌশলীরা। তাঁরা সম্প্রতি ভবনটিতে বসবাস ঝুঁকিমুক্ত ঘোষণা করে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিয়েছেন। বিশেষজ্ঞরা ভবনে কিছু সংস্কারকাজের জন্য পরামর্শ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার কলেজের কর্তৃপক্ষ জরুরি সভা করে ১ জুন থেকে শিক্ষার্থীদের ছাত্রীনিবাসে ফেরার বিজ্ঞপ্তি জারি করে।
কলেজের প্রশাসন শাখা সূত্র জানায়, গত ১৩ এপ্রিল ভূমিকম্পের পর তিনতলা-বিশিষ্ট ভবনের ছাত্রীনিবাসে ছোট-বড় অসংখ্য ফাটল দেখা দেয়। এ নিয়ে আতঙ্ক দেখা দিলে ১৬ এপ্রিল ছাত্রীনিবাসটি বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে ১৭ এপ্রিল প্রথম আলোয় ‘ভূমিকম্পে ফাটল, তবু বসবাস’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের একটি দল ভবনটি পরিদর্শন করে।
গণপূর্ত অধিদপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, ছাত্রীনিবাসে বসবাস ঝুঁকিপূর্ণ কি নাÑসে বিষয়ে সর্বশেষ ২৬ মে গণপূর্ত অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয় থেকে দুই সদস্যের একটি দল ভবনটি পরিদর্শন করে। ভূমিকম্পে সৃষ্ট ফাটলগুলো খতিয়ে দেখে দলের সদস্যরা ভবনটি বসবাসের উপযোগী বলে ঘোষণা দেন। তবে তাঁরা ফাটলগুলো মেরামত করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।