ভূমিকম্পে বাঁধে ফাটল, পরে ভেঙে ডুবেছে ফসল
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার হাওরের মারাদারিয়া বাঁধ ভেঙে ১৬০ হেক্টর বোরো জমির ফসল পানিতে ডুবে গেছে। গতকাল বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
কয়েকজন কৃষক সাংবাদিকদের বলেন, এ বছর মারাদারিয়া বাঁধে পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজ হয়নি। এতে কোনো প্রকল্পও ছিল না। বুধবার রাতে ভূমিকম্পের কারণে বাঁধের একটি অংশে ভয়াবহ ফাটল দেখা দেয়। এতে মারাদারিয়া হাওরের ১৬০ হেক্টর বোরো জমির বোরো ফসল পানিতে ডুবে যায়।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধরমপাশা উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা ও পাউবোর কর্মকর্তারা বাঁধ পরিদর্শন করেছেন।
মোহনগঞ্জ উপজেলার মান্দারবাড়ি গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বলেন, বাঁধে কোনো কাজ না হওয়ায় এ ঘটনা ঘটেছে। এতে অনেক ক্ষতি হয়েছে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, মারাদারিয়া হাওরের বাধে পানি উন্নয়ন বোর্ডের এ বছর কোনো প্রকল্প ছিল না। বাঁধটিও উঁচু ছিল। এই বাঁধে পাঁচ বছর আগে কাজ করা হয়েছিল। নতুন করে এ বাঁধে কাজ করার কোনো প্রয়োজনও ছিল না। ভূমিকম্পের কারণে বাঁধটিতে ফাটল ধরে, পরে ভেঙে যায়। এ কারণে ফসলডুবির ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাউবোর কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।