ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত খোলা চত্বরে চলছে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা ভূমিকম্পে সিরাজগঞ্জ পৌর এলাকার মালসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বিদ্যালয় চত্বরের খোলা আকাশের নিচে বসেই ক্লাস ও পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে মাটিতে বসে প্রথম সাময়িকী পরীক্ষায় দিচ্ছে। এরই এক ফাঁকে পঞ্চম শ্রেণির ছাত্রী মাহমুদা খাতুন বলে, ‘গত রোববার দুপুরে ক্লাস চলার সময় ভূমিকম্পে চারদিক কেঁপে উঠলে হুড়োহুড়ি করে বেরিয়ে আসি। পরে শ্রেণিকক্ষে ঢুকে দেখি, ছাদ আর দেয়ালের বালু ও সিমেন্ট খসে মেঝে ভরে গেছে। ছাদের রড বেরিয়ে গেছে। এর পর থেকে আমরা ক্লাসে যেতে ভয় পাচ্ছি।’
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, সম্প্রতি দুই দফা ভূমিকম্পে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল ধরে। সেই সঙ্গে বেশ কয়েকটি শ্রেণিকক্ষের দেয়ালের আস্তরণও খুলে পড়ে। এর পর থেকে বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে।
স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হানিফ উদ্দিন জানান, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে জাতীয়করণের পর ১৯৯৭-৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ছয় কক্ষবিশিষ্ট বিদ্যালয়ের দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। ২০১৩ সালে শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে মেরামতকাজ করা হলেও তা ছিল নিম্নমানের।
প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন বলেন, ‘পর পর দুই দিনের ভূমিকম্পে বিদ্যালয়ের চতুর্দিকের দেয়ালে ফাটল এবং শ্রেণিকক্ষগুলোর পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অবস্থা জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি।’
বিদ্যালয় পরিদর্শনে আসা সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আরশেদ জানান, ভবনের ফাটল ও প্লাস্টার খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সদর উপজেলা প্রকৌশলী বদরুদ্দোজা জানান, বিদ্যালয়ের ভবনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের।