ভূমিকম্পে হুড়াহুড়ি, দুই পুলিশ সদস্য আহত
ভূমিকম্পের ঝাঁকুনিতে গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরবাসীর ঘুম ভেঙেছে। এরপর দিগ্বিদিক আতঙ্কে ছোটাছুটি। ভূমিকম্পে চট্টগ্রামে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও ছোটাছুটি করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন তাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। দুজনই দামপাড়া পুলিশ লাইনের চারতলা ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
জাহাঙ্গীর বলেন, ভূমিকম্পের সময় দুজন দৌড়ে ভবন থেকে নামতে গিয়ে পড়ে আহত হন। তাঁরা পায়ে ব্যথা পান।
ভোরে ভূকম্পনের পরপরই মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নগরের লাভলেইনের বাসিন্দা মুনির আহমেদ জানান, ‘প্রচণ্ড ভয় পেয়ে যাই। বউ-বাচ্চা নিয়ে ভবন থেকে নেমে আসি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।