ভূমিকম্পে হুড়োহুড়িতে নিহত ৪
রাজধানী ঢাকা, রাজশাহী, লালমনিরহাট ও জামালপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে চারজন মারা গেছেন। ঢাকায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে সারা দেশে ভূকম্পন অনুভূত হয়।
ঢাকায় নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)। তাঁর বাড়ি জুরাইন এলাকায়। রাজশাহীতে নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান। তাঁর বাড়ি শহরের মেহেরচন্ডী এলাকায়। লালমনিরহাটে নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি পাটগ্রাম উপজেলার ঘোড়াবাড়ি গ্রামে। তিনি একজন মুদিদোকানি। আর জামালপুরের মেলান্দহ উপজেলায় নিহত ব্যক্তির নাম সোনা মিয়া (৩৮)।
ঢাকা: ঢাকায় নিহত আতিকুরের প্রতিবেশী রহমানের ভাষ্য, ভূমিকম্পের সময় প্রায় ১০-১২ জন একসঙ্গে দোতলা থেকে হুড়োহুড়ি করতে নামেন। এ সময় আতিকুর অসুস্থ হয়ে পড়েন। সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আতঙ্কে একসঙ্গে ছুটোছুটি করে নামতে গিয়ে আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। ।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোজাম্মেল হক একজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
রাজশাহী: রাজশাহীর মেহেরচন্ডী এলাকায় আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। পরে তিনি সেখানেই মারা যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ের কর্মচারী। নিহত খলিলুরের প্রতিবেশী রাজীব বলেন, তিনি খাট থেকে নেমে জামাকাপড় নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসুস্থ হয়ে সেখানেই মারা যান।
লালমনিরহাট: লালমনিরহাটে ভূমিকম্পের সময় বাড়ির আঙিনায় ছিলেন নুরুল ইসলাম। আতঙ্কে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহ জামাল ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বিষয়টি জানেন বলে জানিয়েছেন।
জামালপুর: জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ফুলতালা গ্রামে সোনা মিয়ার মৃত্যু হয়েছে। তিনি ইসলামপুর বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। নিহতের বড় ভাই মোহাম্মদ মৃণাল শেখ বলেন, ভূমিকম্পের সময় ঘুম থেকে উঠে আতঙ্কগ্রস্ত হয়ে তাঁর ভাই মাথা ঘুরে মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তবে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, আতঙ্কে কারও মারা যাওয়ার খবর থানায় আসেনি।
চট্টগ্রাম: চট্টগ্রামে আজ ভোররাতে আতঙ্কে তাড়াহুড়ো করতে নামতে গিয়ে তাজুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া নগর ও জেলায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
সিলেট: সিলেটে ভূমিকম্পে নির্মাণাধীন দেয়াল ধসে একই পরিবারের চারজন আহত হয়েছেন। নগরের জিন্দাবাজার এলাকার একটি বহুতল বিপণিবিতানের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ওই এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম, সাজেদুল ইসলাম ও দুই নারী সদস্য। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সিটি করপোরেশনের প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক সরকারি কর্মকর্তা ভূমিকম্পের সময় ভবন থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা। তাঁর বাড়ি মৌলভীবাজারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, আহত মোস্তাফিজ শঙ্কামুক্ত।