ভূমিকম্পের ঝুঁকিতে রাজধানীর ৭২ হাজার ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, এক সমীক্ষায় বলা হয়েছে, ঢাকা শহরের ৭২ হাজার ভবন বড় মাত্রার ভূমিকম্পের দিক থেকে ঝুঁকিপূর্ণ। আর দেশের প্রায় ৩০ ভাগ এলাকা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে আছে। উপকূলীয় এলাকায় প্রতিরোধ বাঁধ নির্মাণ ও অন্যান্য স্থাপনা নির্মাণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি থেকে জনগণকে রক্ষা করা যায়।গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আয়োজিত এক কর্মশালায় আবদুর রাজ্জাক এসব কথা বলেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) ও বুয়েটের জাপান ইনস্টিটিউট অব ডিজেস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি (জিডপাস) যৌথভাবে ‘ঝুঁকি সহনীয় অবকাঠামো: শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে। মন্ত্রী দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ১৮টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনার সুফল পেতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের সহ-উপাচার্য এম হাবিবুর রহমান, সিডিএমপির প্রকল্প পরিচালক আবদুল কাইয়ূম প্রমুখ বক্তব্য দেন।