ভূমিকম্পের পর চট্টগ্রামে আতঙ্ক, গুজব
ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। গতকাল বেলা দুইটা ৪৩ মিনিটের দিকে প্রথম দুই দফা ভূকম্পনের পর এক ঘণ্টা পর আবার কম্পন অনুভূত হয়। ভূকম্পনের পর সুনামি সতর্কবার্তা জারি করায় লোকজনের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। তবে সন্ধ্যায় সুনামি সতর্কতা প্রত্যাহারের পর আতঙ্ক আস্তে আস্তে কেটে যায়। এর আগে বেলা পৌনে তিনটা থেকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ও খোলা জায়গায় মানুষ ভিড় করে। এ ছাড়া এ সময় নগরের বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও ভবনে ফাটল ধরার গুজব ছড়িয়ে পড়ে। নগরের মেহেদিবাগে এম্বাসি ভবন, জামালখানের বেলভিউ ভবন এবং আন্দরকিল্লার একটি ভবনসহ অসংখ্য বহুতল ও পুরোনো বিল্ডিং হেলে পড়ার গুজব ছড়িয়ে পড়ে। মেহেদিবাগ এম্বাসি ভবনের সামনে লোকজন জড়ো হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাদের সামলাতে পুলিশ ঘটনাস্থলে যায়। জামালখানের বেলভিউ ভবনের সামনেও লোকজন জমে যায়। এ সময় এসব ভবনের লোকজন আতঙ্কে নিচে নেমে আসে। স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন ছাদেক প্রথম আলোকে বলেন, ‘ভূমিকম্পের পর এম্বাসি ভবনের সামনে একদল লোক জড়ো হয়ে বলে, ভবনটি পাশের ভবনের দিকে হেলে পড়েছে। আমাদেরও দেখে সেটা মনে হয়েছে।’ ভবনটির অধিবাসী রাশেদ রউফ প্রথম আলোকে বলেন, হঠাৎ করে বিকেলে বাইরে লোকজন বলাবলি শুরু করে এম্বাসি ভবন হেলে পড়েছে। এ কথা বলে ভবনের বাইরে লোকজন জড়ো হতে থাকে। এ খবর শুনে আমরাও বাইরে বেরিয়ে আসি। কিন্তু আমাদের মনে হয়েছে, ভবনটি আগের মতোই আছে। ভূকম্পনের পর পর সুনামি সতর্কতা জারি করার পর পর মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এ সুনামি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, রাত ১০টা ৫১ মিনিটে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানতে পারে। এ জন্য উপকূলীয় এলাকার লোকজনকে বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকতে পরামর্শ দেওয়া হয়। এদিকে সুনামি সতর্কতা জারির পর চট্টগ্রামের প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসন কার্যালয়ে সুনামি মোকাবিলায় জরুরি সভা আহ্বান করে। এ ছাড়া উপকূলের লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এ ছাড়া জেলা প্রশাসন থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলার পাশাপাশি সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক জরুরি সভা করা হয়। তবে সভায় সুনামি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. ফয়েজ আহমদ বলেন, ‘আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। নিয়ন্ত্রণ কক্ষ খোলা ছাড়াও ফায়ার সার্ভিসসহ সব জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানকে সতর্ক রেখেছিলাম। এখন সতর্কতা প্রত্যাহার হওয়ায় দেশ ও আমাদের সবার জন্য মঙ্গলজনক হয়েছে।’