ভূমিকম্পের পর ভূগর্ভস্থ পানি নিয়ে গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের কারণে নলকূপ ও পাম্পের মাধ্যমে উত্তোলিত ভূগর্ভস্থ পানি পান করা যাবে না—এ ধরনের একটি গুজব গতকাল মঙ্গলবার রংপুর নগরে ছড়িয়ে পড়ে। এর কারণে অনেককেই দোকান থেকে বোতলজাত পানি কিনে পান করতে দেখা যায়।
এ ব্যাপারে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়া বলেন, ‘এটি স্রেফ গুজব। এ ব্যাপারে আমাদের কাছেও অনেক ফোন এসেছে। এর পরও আমাদের পক্ষ থেকে মানুষকে এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।’
সরেজমিনে নগরের কয়েকটি স্কুল ও কলেজের সামনে দেখা যায়, যেসব শিক্ষার্থী বাড়ি থেকে বোতলে পানি ভরে এনেছে, তাদের কয়েকজন অভিভাবক ওই পানি পান করতে দিচ্ছেন না। এ সময় সন্তানদের তাঁরা দোকান থেকে বোতলজাত পানি কিনে দেন।
বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা অনিক রাহীম জানান, সন্তানকে আনতে বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন, নলকূপ ও পাম্পের মাধ্যমে উত্তোলিত পানি পান করা যাবে না। নগরের ধাপ এলাকার ব্যবসায়ী শমসের মিয়া বলেন, ‘আমরা শুনেছি, ভূমিকম্পের কারণে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিউবওয়েল ও পাম্প দিয়ে তোলা পানি পান করা যাবে না।’ কিন্তু কোথা থেকে শুনছেন, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
ঘটনাটি গুজব আখ্যায়িত করে পানি বিশেষজ্ঞ দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘ভূমিকম্পে মাটির নিচের পাইপ ফেটে যেতে পারে। সে ক্ষেত্রে পানি ঘোলা হবে। আমার কাছেও এ ব্যাপারে অনেক ফোন এসেছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’