ভূমিকম্পের মতো আকস্মিক ঝুঁকি মোকাবিলায় নীতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, পাহাড়ধসের মতো দুর্যোগ বেড়ে যাচ্ছে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, আগে ভূমিকম্পের বিষয়ে দেশে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু বিজ্ঞানীদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। আকস্মিক ঝুঁকি মোকাবিলার নীতির খসড়া প্রণয়ন করা হচ্ছে। ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কাজের জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।গতকাল বুধবার জাতীয় সংসদে ইলিয়াস উদ্দিন মোল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করেন। ফলে সংসদে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও নিজ কণ্ঠে তিনি জবাব দেওয়ার সুযোগ পাননি। প্রধানমন্ত্রী জানান, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত। উন্নত বিশ্বের দেশগুলোর অতিমাত্রায় গ্রিন হাউস গ্যাস এবং কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ।প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগের ঝুঁকি হ্রাস করে দুর্যোগের ক্ষয়ক্ষতিকে সহনীয় পর্যায়ে এনে অর্থনীতির চাকা সচল রাখাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের উপকূলবর্তী জেলার জনগণ বেশি বিপদাপন্ন। এ জন্য এসব এলাকায় কর্মরত জেলা ও উপজেলা দুর্যোগব্যবস্থাপনা কমিটির সদস্যদের ঘূর্ণিঝড়ের নতুন সতর্ক সংকেত সম্পর্কে প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার যানজট নিয়ে এ কে এম রহমতউল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে বিগত আওয়ামী লীগ সরকার ঢাকা সমন্বিত বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ ইস্টার্ন বাইপাস সড়ক বহুমুখী প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ছিল। কিন্তু পরবর্তী সরকার এ প্রকল্পটি স্থগিত করে দেয়।