ভূমিকম্পের সময় গ্যাস-বিদ্যুৎ বন্ধ রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের সময় রাজধানীতে উন্নত প্রযুক্তির সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখার পদ্ধতি চালু করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অধিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে কমিটি এ সুপারিশ করেছে।
জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ অব্যাহত থাকলে ভবনধসের পাশাপাশি অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ বেড়ে যাবে। সে জন্য কমিটি নির্দিষ্ট মাত্রার ভূকম্পন হওয়ার সঙ্গে সঙ্গে যাতে স্বয়ংক্রিয়ভাবে গ্যাস ও বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থা নিতে বলেছে। প্রযুক্তির সুবিধা নিয়ে উন্নত অনেক দেশে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালুকদার আবদুল খালেক জানান, কমিটি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সিটি করপোরেশন ও রাজউককে সমন্বিতভাবে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের হালনাগাদ তালিকা তৈরি করতে বলেছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩২১টি। গত বছরের জুনে পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সংসদে এ তথ্য জানিয়েছিলেন।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তালুকদার আবদুল খালেক, বি এম মোজাম্মেল হক, মমতাজ বেগম ও আবদুর রহমান বদি অংশ নেন।