ভূমিকম্পের সময় বগুড়া শহরজুড়ে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আহমদ আলী (৫০) নামে একজন শারীরিক প্রতিবন্ধী দিনমজুর মারা গেছেন। গতকাল সোমবার ভোররাতে ভূমিকম্পের সময় পরিবারের সদস্যদের ঘুম থেকে ডেকে তুলে আহমদ আলী নিজেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
আহমদ আলী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্জয়পুর গ্রামের বাসিন্দা।
এদিকে ভূমিকম্পের সময় বগুড়া শহরজুড়ে চরম আতঙ্ক তৈরি হয়।
নিহত আহমদ আলীর পুত্র দিনমজুর ওসমান গনি বলেন, ভোররাতে বাবা ভূমিকম্প টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তিনি চিৎকার করে পরিবারের সদস্যদের ডেকে তোলেন। সবাই তাড়াহুড়া করে ঘরের বাইরে এলেও বাবা বাইরে না আসায় তাঁকে ডাকতে গিয়ে দেখি, তাঁর কোনো সাড়াশব্দ নেই। পরে নিশ্চিত হই, তিনি মারা গেছেন।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে চাচাতো ভাই মো. বাদশা মিয়াও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যদের ডেকে তুললেও শারীরিক প্রতিবন্ধী (এক পা অচল) হওয়ায় ভাই আহমদ আলী ঘর থেকে বের হতে পারেননি। স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে আমিসহ প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখি, তিনি মারা গেছেন।’
ভাটরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আখতার-উজ-জামান বলেন, ‘ভূমিকম্পের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে আহমদ আলীর মারা যাওয়ার খবর পেয়ে সকালে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, ভূমিকম্পের সময় আতঙ্কে তাঁর মৃত্যু হয়েছে।’
এদিকে ভোররাতে ভূমিকম্পের সময় বগুড়া শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে চরম ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে বিভিন্ন ভবনের বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। ভবনের বাসিন্দারা রাস্তায় ও ফাঁকা মাঠে আশ্রয় নেন। তীব্র ভূমিকম্পের আকস্মিকতায় আতঙ্কে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন বহুতল ভবনের বাসিন্দারা। এ সময় বেশির ভাগ বহুতল ভবন থেকে চিৎকার-চেঁচামেচি ও কান্নার শব্দ ভেসে আসে।
সেউজগাড়ি এলাকার বাসিন্দা ও বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক ফারুক আহমেদ ভূমিকম্পের ভয়ানক পরিস্থিতির কথা বলতে গিয়ে বলেন, ‘ভোররাতে আকস্মিক ওই ভূমিকম্পে ঘুম ভাঙার পর খাঁচাবন্দী পাখির মতো শুধু ছটফট করেছি। আতঙ্কে বুক শুকিয়ে গেছে। কিন্তু স্ত্রী-সন্তান ও স্বজনদের নিয়ে বাসার বাইরে আসার শক্তি পাইনি।’
জলেশ্বরীতলার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ‘ভোররাতে শহরজুড়ে ভয়ার্ত এক পরিস্থিতি তৈরি হয়েছিল। ভূমিকম্পের তীব্রতায় ঘুম ভেঙে কেউ কেউ ঘরের বাইরে আসার সুযোগ পেলেও অনেকেই ঘরে ছটফট করেন।’
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ভূমিকম্পের সময় আতঙ্ক তৈরি হলেও শহরের কোথাও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
এদিকে শেরপুরে ভূমিকম্পের আতঙ্কে ঘর থেকে দৌড়ে বের হতে গিয়ে ঘরের দরজার চৌকাঠের সঙ্গে ধাক্কা খেয়ে সুমন সরকার (২৪) আহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের রামচন্দ্রপুর পাড়ায়। এতে তাঁর মাথা ফেটে যায়। স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া ভূমিকম্প টের পেয়ে লোকজন আতঙ্কে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে বাড়ির সামনে সড়কের ওপর। রামচন্দ্রপুর পাড়ার রবি সরকার বলেন, ভোর ৫টা ৫ মিনিটে ভূমিকম্পের অনুভব শুরু হয়। স্থায়ী হয় প্রায় ৫০ সেকেন্ড।