ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালে প্রলয়ংকরী ভূমিকম্প আঘাত হানার প্রেক্ষাপটে দেশে ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণ ও বিল্ডিং কোড সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে টেকসই উন্নয়নের জন্য ‘টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি)’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে এ আহ্বান জানান। এ ছাড়া তিনি জানান, নেপালে ভূমিকম্প-দুর্গত মানুষের কাছে বিদেশি ত্রাণসামগ্রী পাঠানোর কাজে ব্যবহারের জন্য বাংলাদেশের সব বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি), ম্যানিলা যৌথভাবে তিন দিনের এ সম্মেলন আয়োজন করেছে।
সম্মেলনে প্রধানমন্ত্রী ওই প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ একটি ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে আমি আপনাদের ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণ ও কঠোরভাবে বিল্ডিং কোড মেনে চলার ব্যাপারে যথোপযুক্ত তদারকির আহ্বান জানাই।’
শেখ হাসিনা বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো খুবই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পে বাংলাদেশও কেঁপে উঠেছিল।
নেপালের ভূমিকম্প-কবলিত মানুষের সহায়তায় আরও ত্রাণসামগ্রী পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইতিমধ্যে কিছু ত্রাণসামগ্রী পাঠিয়েছে, যা পর্যাপ্ত নয়। আরও ত্রাণসামগ্রী পাঠাতে হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও সংস্থা যাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ত্রাণসামগ্রী পরিবহন করতে পারে সে জন্য ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর, চট্টগ্রাম বিমানবন্দর, সিলেট বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থলবন্দরটি দিয়ে নেপালে ত্রাণসামগ্রী পরিবহনে সহায়তা করতে ভারতের সঙ্গেও আলোচনা হয়েছে।
বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত ও প্রগতিশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য মাঠপর্যায়ে নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব কাজের গুণগত মান বজায় রাখা এবং রাষ্ট্রের সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে আপনাদের দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও সততার ওপর।’ তিনি বলেন, সঠিক মান নিয়ন্ত্রণে কোনোভাবেই আপস করা যাবে না। উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়িত না হলে তা কেবল জাতীয় ক্ষতিই নয়, সেই সঙ্গে মানবিক বিপর্যয়ও ডেকে আনতে পারে।
প্রতিটি উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তিনটি নারীসহ ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউশন চালুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার উন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপের উল্লেখ করে বলেন, শিক্ষানীতিতে বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গত ছয় বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় চার শ পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইডিইবির প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ। কো-চেয়ারম্যান ছিলেন সিপিএসসির মহাপরিচালক মোহাম্মদ নাইন ইয়াকুব।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে শহীদ ব্যক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে নৃশংসতার শিকার ও নেপালের ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।