ভূমিদস্যু, কালো টাকার মালিকদের ভোট না দেওয়ার আহ্বান
‘কক্সবাজার, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচনে অসংখ্য ভূমিদস্যু, কালো টাকার মালিক ও খারাপ ব্যক্তি মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করছেন। এঁরা ভোটারদের কাছে গিয়ে এখন সুন্দর ও মধুর কথা বললেও অতীতে পাহাড়, বনাঞ্চল, প্যারাবন দখল ও বিক্রি, চোরাচালান ও চাঁদাবাজি করে কালো টাকার মালিক বনেন। অনেকে মাদকের ব্যবসা ও নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত। এঁদের হাতে এলাকার উন্নয়ন কোনোমতেই সম্ভব নয়। তাই ভোটারদের উচিত, এঁদের বর্জন করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। অন্যথায় জনদুর্ভোগ শেষ হবে না।’গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজারে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সমাবেশে মহেশখালীর ভোটার ও কলেজশিক্ষক আমিনুল হক এসব কথা বলেন।গতকাল সকাল ১০টায় ‘সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করুন’ স্লোগানে শহরের প্রধান সড়কে সুজন জনসচেতনতামূলক এক ঘণ্টার মানববন্ধন করে। এর আগে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের কর্মীরা এতে অংশ নেন।