ভূমিদস্যু, দুর্নীতিবাজদের রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি সদর শাখার তৃতীয় কাউন্সিল গতকাল বৃহস্পতিবার মহাজনপাড়ার একটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে।কাউন্সিলে সারা দেশে ভূমিদস্যুদের উৎপাত, রাষ্ট্রীয় সন্ত্রাস, আন্দোলনরত ছাত্রদের ওপর সরকারের পুলিশ বাহিনীর হামলা বন্ধ ও জাতিসত্তা ধ্বংসের সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়।কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুপ্রিয় চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, জেলা সভাপতি আপ্রুসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাধারণ সম্পাদক অর্পণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান ও ইউপিডিএফের জেলা প্রতিনিধি রিকো চাকমা।পরে সুপ্রিয় চাকমাকে সভাপতি, অরভিল চাকমাকে সাধারণ সম্পাদক ও বিকেন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের কার্যকরী কমিটিসহ ৩৩ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি সদর থানা কমিটি সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়।কাউন্সিল অধিবেশনে বক্তারা অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি জেলা সদরের মুক্তমঞ্চ আর মুক্ত নেই, তা সরকারের পুলিশ বাহিনীর মঞ্চে পরিণত হয়েছে। খাগড়াছড়ি সরকারি বিদ্যালয়ের পাশে পাহাড়ি ছাত্র-ছাত্রীদের হোস্টেল বাতিল করে সেখানে বিয়াম ল্যাবরেটরি স্কুল খোলা হয়েছে। এটা সুষ্ঠু চিন্তার ফসল নয়। বক্তারা সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে পুলিশের বেপরোয়া হামলার তীব্র নিন্দা জানান এবং ২০০৫ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২৭(৪) ধারা বাতিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দায়ভার সরকারকে নেওয়ার আহ্বান জানান।সমাবেশ থেকে বক্তারা খাগড়াছড়ি কলেজের পাশে শান্তিনিকেতন হোস্টেল বিশেষ বাহিনীর নিয়ন্ত্রণে না রেখে জনগণের হাতে ফেরতদান, খাগড়াছড়ি মুক্তমঞ্চকে পুলিশের নিয়ন্ত্রণমুক্ত করা, ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বাসসেবা চালু করা, পার্বত্য চট্টগ্রাম থেকে অপারেশন উত্তরণ বাতিল করে সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান।