ভূমিদস্যু-বনকর্মী ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় বনবিভাগের জমিতে চিংড়িঘেরের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভূমিদস্যু ও বনকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার বনকর্মী আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন, জাকির হোসেন (৩৪), শাহাব উদ্দিন (৪০), শাহ আলম (৩৫) ও হারুন অর রশিদ (৩২)। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উপকূলীয় বনবিভাগ গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, গত নভেম্বরে জেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে বনবিভাগের ৬১০ একর জমি উদ্ধার করে। মাত্র দেড় মাস পর ৫ জানুয়ারি আবারও ভূমিদস্যুরা সোনাদিয়ার বনবিভাগের প্রায় ৪০০ একর জমি দখল করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করে।উপকূলীয় বনবিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ভূমিদস্যু আবদুল গফুরের নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক বনবিভাগের জমিতে ঘেরের জন্য বাঁধ নির্মাণ করতে গেলে বনকর্মীরা তাতে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে ঘের নির্মাণের কাজ চালালে বনকর্মীরা তাদের ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করে। অবিলম্বে বহু মামলার পলাতক আসামি ও ভূমিদস্যুর সম্রাট আবদুল গফুরকে গ্রেপ্তার না করলে সোনাদিয়া বনবিভাগের জমি কোনোভাবেই রক্ষা করা যাবে না।এ ব্যাপারে আবদুল গফুর ওরফে নাগু বলেন, আদালতের রায় নিয়ে ৩১৫ একর জমিতে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। বনবিভাগের জমিতে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘বনবিভাগের দায়ের করা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এক মাস আগে সোনাদিয়া বনবিভাগের জমি দখল করে ঘের নির্মাণ করার অভিযোগে ভূমিদস্যু আবদুল গফুর নাগুসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আব্দুল গফুর নাগুসহ ভূমিদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ভূমিদস্যু আবদুল গফুর নাগুকে অবিলম্বে গ্রেপ্তার না করলে সোনাদিয়ার বনবিভাগের জমি রক্ষা করা কঠিন হবে। তাই তাকে গ্রেপ্তার করতে মহেশখালী থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।