ভূমিদস্যুতার অভিযোগ পেলে গ্রেপ্তার করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় জোরপূর্বক জমি ও বাড়ি দখল চলছে। ভূমিদস্যুতার অভিযোগ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এমনকি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী-সমর্থক হলেও কোনো ছাড় দেওয়া যাবে না। মন্ত্রী, সাংসদ কিংবা কোনো রাজনৈতিক দলের বড় নেতার আত্মীয়স্বজন—অপরাধী ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।গতকাল শনিবার সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে সিলেটের আইনশৃঙ্খলা-সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় প্রশাসনের উদ্দেশে এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটে এই সরকারের আমলে কোনো ধরনের টেন্ডারবাজি ও চাঁদাবাজি হয়নি। বিষয়টি জানতে পেরে আমার খুব ভালো লাগছে।’অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ দেওয়ান ফরিদ গাজী প্রমুখ। সভায় জানানো হয়, গত মে মাসে সিলেট জেলায় দুটি খুন, ১৩টি ধর্ষণ, ২৫টি নারী ও শিশু নির্যাতন, দুটি অপহরণসহ মোট ২১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে।