ভূমিদস্যুতার শিকার হচ্ছে রাখাইনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় বসবাসকারী রাখাইন সম্প্রদায় বিভিন্নভাবে ভূমিদস্যুতার শিকার হচ্ছে। গতকাল শুক্রবার ‘জাতীয় নাগরিক কমিটি’র নেতারা রাখাইন গ্রাম পরিদর্শন শেষে স্থানীয় কারিতাস সেন্টারের মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এর আগে প্রতিনিধিদলটি গতকাল সকালে উপজেলার রাখাইন অধ্যুষিত তালুকদারপাড়া, কবিরাজপাড়া গ্রাম ঘুরে দেখে। প্রতিনিধিদলের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বরগুনার রাখাইন সম্প্রদায় বিভিন্নভাবে ভূমি দখলকারীদের হয়রানির শিকার হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলাসহ নানাভাবে রাখাইনদের জমি জবরদখল করা হচ্ছে। এতে তারা ভূমিহীন ও নিঃস্ব হয়ে পড়ছে। এমনকি তাদের শ্মশান, উপাসনালয় এবং পুকুরের জমিও জবরদখল করা হচ্ছে।
কারিতাসের বরিশাল বিভাগে প্রকল্প পরিচালক মাইথিন প্রেমিলার সঞ্চালনায় প্রবীণ রাখাইন নেতা মং তাহান বলেন, বাংলাদেশে জনসংখ্যা বাড়লেও রাখাইনদের সংখ্যা কমছে। পাকিস্তান আমলে জেলায় রাখাইন অধ্যুষিত গ্রামের সংখ্যা ১৬০টি থেকে ১৩টিতে নেমে এসেছে।