গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘জমিদখল, ভূমিদস্যুতার সঙ্গে কেউ জড়িত থাকলে দয়া করে আমার দল ছেড়ে দেবেন। আমার সঙ্গে ভালো মানুষ ছাড়া অন্য কারোর ঠাঁই নেই। আমার সঙ্গে চললে ভালো হয়ে চলতে হবে। প্রয়োজনে দুজন নিয়ে চলব।’ গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের বাসিন্দাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।পারটেক্স গ্রুপের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ এনে গত ৬ জুলাই বাঘিয়া গ্রামের অর্ধশত ভূমিহীন পরিবারের সদস্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিল। গ্রামবাসীর উত্তেজনা নিরসনে সাংসদ সোহেল তাজ গতকাল ওই এলাকা পরিদর্শন করে লোকজনের সঙ্গে কথা বলেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, পারটেক্সের জায়গা দখলের অভিযোগে সেখানে ১৪৪ ধারা বহাল রয়েছে। গতকাল সাংসদ সোহেল তাজ সেখানে গেলে পাঁচ শতাধিক মানুষের সমাগম হয়।সাংসদ সোহেল তাজ বলেন, কাপাসিয়ার মানুষ শৌখিন। এখানে প্রচুর পরিমাণে মৌসুমি ফল হয়। কাপাসিয়ায় কোনো কোম্পানি উন্নয়নমূলক বা শিল্প-কারখানা করতে চাইলে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে করতে হবে।সাংসদ সোহেল তাজ বলেন, ‘আমার এলাকায় পারটেক্স গ্রুপ বা ভূমিদস্যুদের জবরদখল ও কল-কারখানার নামে পরিবেশের বিপর্যয় করতে দেওয়া হবে না। পারটেক্স গ্রুপ যদি আদালতের মাধ্যমে রায় পায়, তাহলে কাপাসিয়ার ওই স্থানে শিল্প-কারখানা করতে পারবে।’এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, সাবেক সাংসদ মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথ, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর প্রমুখ।সোহেল তাজ সকালে কাপাসিয়া বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করে দেখেন। সন্ধ্যায় তিনি কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. বজলুর রশিদ মোল্লার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় মুক্তিযোদ্ধারা একাত্তরের মানবতাবিরোধীদের বিচারের দাবি জানান।