ভূমিদস্যুদের দখলে বাঘুটিয়া হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাঘুটিয়া হাটের সরকারি জায়গা দখল করে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা স্থায়ী ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাটের সাধারণ ব্যবসায়ীরা এই অবৈধ দখল থেকে হাট রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের জুঙ্গুরদির মোল্লার মোড় থেকে পশ্চিম দিকে বাঘুটিয়া গ্রামে যাওয়ার পথে কুমার নদের পারে অবস্থিত বাঘুটিয়া হাট। শত বছরের পুরোনো এই হাটে ১৩-১৪টি স্থায়ী দোকান আছে। দোকানগুলোর পাশে প্রায় এক একর জায়গার ওপর প্রতি বৃহস্পতি ও রোববার হাট বসে। সেই হাটের খোলা জায়গা দখল করে পাকা ইমারত নির্মাণ শুরু করায় সাধারণ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।ওই হাটের এক স্থায়ী দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যাঁরা এ কাজ করছেন, তাঁরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে কথা বলার সাহস এলাকার কেউ রাখে না। তাঁরা সব সময় সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকেন।এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে এলাকার প্রভাবশালী কল্যাণপট্টি গ্রামের ইউনুছ মাতুব্বর, তোরাপ খাঁ, হারুন মাতুব্বর, বাদশা মাতুব্বর, কুদ্দুস মাতুব্বর; বাঘুটিয়া গ্রামের আফজাল মাতুব্বর; সাভার গ্রামের মান্নান সেখ এবং জুঙ্গুরদী গ্রামের পাঁচু মেম্বর ও ইসমাইল শরীফ (৪৮) হাটের সরকারি জায়গার মাটি কেটে পাকা দোকান নির্মাণ শুরু করেন। অভিযোগ স্বীকার করে দখলদার চক্রের নেতা হারুন মাতুব্বর বলেন, ‘আমরা এ ব্যাপারে সরকারি কোনো অনুমতি নিইনি। কারণ, আমাদের সরকারের কোনো অনুমতি লাগবে না।’ অপর উদ্যোক্তা কুদ্দুস মাতুব্বর বলেন, ‘আমরা পাকা ইমারত নির্মাণের কাজ শুরু করেছিলাম। তবে সেটেলমেন্ট অফিসের লোক এসে কাজটি বন্ধ করে দিয়েছে।’লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জায়গায় কোনো রকমের অনুমতি ছাড়াই ওই স্থাপনা নির্মিত হচ্ছে। এ কাজটি শতভাগ অবৈধ। এ ব্যাপারে তহশিল অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল কাদের জানান, বৃহস্পতিবার খবর জানামাত্র ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।