ভূমিদস্যুদের প্রতিরোধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ে খাসি (খাসিয়া) সম্প্রদায়কে উচ্ছেদে ভূমিদস্যুদের তৎপরতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আদিবাসী নেতারা। জাফলংয়ে এক আদিবাসী নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এলাকাছাড়া করা ও ভূমি দখলের পাঁয়তারা চালানোয় গতকাল শনিবার দুপুরে নগরের কোর্ট পয়েন্টে সিলেট বিভাগীয় আদিবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।জাফলংসহ সিলেট বিভাগের চার জেলায় বসবাসরত খাসি সম্প্রদায় এবং আদিবাসী বিভিন্ন গোত্রের নারী-পুরুষ গতকাল সকাল থেকে ভূমিদস্যুদের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে একাত্ম হন। সমাবেশ থেকে আদিবাসীদের ভূসম্পত্তি রক্ষায় মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন বিভাগীয় আদিবাসী ঐক্য পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ পাত্র। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভাগের চার জেলার উপজেলা পর্যায়ে একযোগে মানববন্ধন ও সমাবেশ, জাতীয় পর্যায়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন বাংলাদেশের মহাসচিব মেসবাহ কামাল এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন চলচ্চিত্রকার সৈয়দ ওয়াহিদুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী নিলুফা বানু, সংস্কৃতি বিকাশ কেন্দ্রের পরিচালক মাহফুজা হক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি জহিনল কংওয়াং, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রাখী ম্রং, সাসের নির্বাহী পরিচালক শিশির দিও প্রমুখ।