ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকারি জমি অবৈধ দখলদার থেকে উদ্ধারে এবং ভূমিদস্যুদের উচ্ছেদের জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি করা হয়েছে। জাতীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংসদে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার ভূমিমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী আরও জানান, বর্তমান অর্থবছরে এখন পর্যন্ত ৪৩৭ একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধে সরকার ভূমি কার্যালয়ে পরীক্ষামূলকভাবে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করেছে।
শামীম ওসমানের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পাঁচ বছরে বিমানের লোকসান ১ লাখ ৩৪ হাজার ৮৮২ কোটি টাকা। বাংলাদেশ বিমান ২০০৭ সালে কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে মুনাফা অর্জন করে। পরবর্তী আর্থিক বছরে বিমান লোকসানের সম্মুখীন হয়।
মন্ত্রী জানান, বিমানকে লাভজনক করার জন্য দুটি পুরোনো উড়োজাহাজ বাতিল করে চারটি নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এ ছাড়া বিমানের রুট পুনর্বিন্যাস করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে বিকেল পাঁচটার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগুরা-১ আসনের সাংসদ অধ্যাপক সিরাজুল আকবরের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী সংসদের নির্ধারিত কার্যসূচি স্থগিত করা হয়। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
রেওয়াজ অনুযায়ী সিরাজুল আকবরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপিত হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সিরাজুল আকবর ১৯৯৬ সাল থেকে আজকের সংসদ পর্যন্ত কখনো পরাজিত হননি। তাঁর অনুপস্থিতিতে ওই আসনে আমাদের অন্য প্রার্থীদের জিতে আসা কঠিন হবে। সিরাজুল আকবর দলীয় কাজের পাশাপাশি এলাকায় দরিদ্র শিশুদের চিকিৎসা দিতেন। তাঁর মৃত্যুতে দরিদ্র শিশুরা একজন সেবককে হারিয়েছে।’
শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন হাজি মো. সেলিম, জাহাঙ্গীর কবির নানক, ধীরেন্দ্র দেবনাথ, হাবিবে মিল্লাত, রুস্তম আলী ফরাজী প্রমুখ। এরপর সংসদের অধিবেশন আজ বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।