ভূমিদস্যুদের সতর্ক করার জন্য প্রতিমন্ত্রী মান্নানকে শিল্পমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্ সাহস দেখিয়ে ভূমিদস্যুদের সতর্ক করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানকে অভিনন্দন জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল বুধবার রাতে কক্সবাজার প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ১০ জানুয়ারি প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে কী সাহসিকতা দেখিয়েছেন। তিনি (প্রতিমন্ত্রী) ভূমিদস্যুদের উদ্দেশ করে জানতে চান, ভূমিদস্যু অপবাদ নিয়ে ঘুমান কী করে! এই সত্ সাহস দেখানোর জন্য আমি প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানকে এই সভা থেকে অভিনন্দন জানাচ্ছি। মাথানত করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর মতো মন্ত্রী দেশে থাকলে জনগণের কল্যাণ হবে। আপনারা (সাংবাদিকেরা) এই বার্তাটা পত্রিকায় দিয়ে দেশের জনগণকে জানিয়ে দেবেন।’দিলীপ বড়ুয়া বলেন, ‘ভূমিদস্যুদের বিরুদ্ধে সত্ সাহস দেখানোর এই খবরটি পরের দিন বিভিন্ন দৈনিক পত্রিকা গুরুত্ব দিয়ে প্রকাশ করে। তারা বুঝতে পেয়েছে, প্রতিমন্ত্রী মান্নান ভালো কাজটি করেছেন। আবার কিছু পত্রিকা খবরটি বেমালুম হজম করে ফেলেছে। আবার কিছু পত্রিকা ভূমিদস্যুদের পক্ষ নিয়ে উল্টো প্রতিমন্ত্রী মান্নানের পদত্যাগ দাবি করে সংবাদ ছেপেছে। এখান থেকেই সাংবাদিকদের নীতিনৈতিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।’ শিল্পমন্ত্রী বলেন, ইদানীং কতিপয় কালো টাকার মালিক, ভূমিদস্যু সংবাদপত্রের মালিক সেজে ফায়দা লুটছেন। এই সরকারের মন্ত্রীরা কোনো কালো টাকার মালিক, ভূমিদস্যুকে পরোয়া করেন না। ভয় করেন না। কোনো সুবিধা আদায়ের চিন্তাও করেন না।