ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার ও ভূমিহীনদের মধ্যে চর বরাদ্দের দাবি
বরিশালের রসুলপুর ও সুজনপুরে চরের জমি ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করে ছিন্নমূল ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষানি সভা বরিশাল জেলা ও মহানগর শাখা। গতকাল শনিবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা ওই দাবি জানায়।সমাবেশে বক্তারা বলেন, বরিশাল সদর উপজেলার জে এল ৬২ নম্বর চরবদনা মৌজায় কীর্তনখোলা নদীতে জেগে ওঠা ২৫ একর ২৩ শতাংশ খাস জমি রয়েছে। বিভিন্ন সময় ওই সম্পত্তি দখল করে প্লট নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন আন্দোলন করেও প্রকৃত ভূমিহীনরা সরকারের এই জমি বরাদ্দ পায়নি। এ বিষয় নিয়ে ভূমি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে উদ্যোগ না নেওয়ায় ভূমি দস্যুরা ওই সম্পত্তি নানাভাবে দখলে নিচ্ছে। তারা বলেন, ১৯৮০ সালে জেগে ওঠা চর সরকারের নামে খাস খতিয়ানভুক্ত থাকার পরও ২০০১ সাল থেকে ওই চর নানাভাবে সরকারি দলের ছত্রছায়ায় দখল শুরু হয়। সেই দখলের ধারা আজও অব্যাহত রয়েছে। রসুলপুর চরের সম্পত্তি ভূমিহীনদের পক্ষে বরাদ্দ দেওয়ার জন্য ৪৯৮ জন ভূমিহীন আদালতে মোকদ্দমা দায়ের করে। গত ৩০ জানুয়ারি রসুলপুর ও তার পূর্ব পাশে সুজনপুর চরে অবৈধ দখলদার মুক্ত করার জন্য জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতীক অনশন এবং ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন করে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষানি সভা। একই দাবিতে গতকাল তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে।বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি মো. হারুন ভান্ডারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কিষানি সভার সভানেত্রী রেহেনা বেগম, জেলা সাধারণ সম্পাদক মো. হালিম মোহরী, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, বাদশা মিয়া প্রমুখ।