সিলেট নজরুল একাডেমী রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে একাডেমীর জায়গা দখলের চেষ্টা চলাচ্ছে। এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।গতকাল সোমবার দুপুর ১২টায় নগরের জিন্দাবাজার এলাকায় অবস্থিত সিলেট নজরুল একাডেমীতে এক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মুক্তিযোদ্ধা শুয়েব আহমদ, সিলেট আইনজীবী সমিতির সভাপতি ই ইউ শহীদুল ইসলাম, সিলেট জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ, সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট নজরুল একাডেমীর সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মিশফাক আহমদ প্রমুখ।সভায় জানানো হয়, আজ সকাল থেকে নজরুল একাডেমী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে ২৬ মার্চ পর্যন্ত গণস্বাক্ষর নেওয়া হবে। এ ছাড়া ২০ মার্চ বিকেল চারটায় একাডেমীর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।