ভূমিদস্যুর এত দাপট!
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় উপকূলীয় বন বিভাগের প্রায় ২০০ একর জমি দখল করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণের কাজ চলছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গফুরের নেতৃত্বে স্থানীয় ভূমিদস্যুরা শতাধিক শ্রমিক দিয়ে গত বৃহস্পতিবার থেকে ঘেরের কাজ চালাচ্ছেন। বন বিভাগের লোকজন কয়েকবার বাধা দিলেও দখল ঠেকানো যাচ্ছে না। গত ৫ জানুয়ারি বন বিভাগের প্রায় ৪০০ একর জমি ভূমিদস্যুরা দখল করার অভিযোগে বন বিভাগ গত ১২ জানুয়ারি আবদুল গফুরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে একটি মামলা করলেও পুলিশ তাঁদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বন বিভাগের সোনাদিয়া বিট কর্মকর্তা মতিলাল বাবু জানান, গত বৃহস্পতিবার থেকে আবদুল গফুরের নেতৃত্বে ভূমিদস্যুরা শতাধিক শ্রমিক নিয়োগ করে বন বিভাগের প্রায় ২০০ একর জমিতে বাঁধ দিয়ে ঘেরের নির্মাণকাজ শুরু করেন। গতকাল সোমবারও এই দখল-প্রক্রিয়া অব্যাহত ছিল। তবে বন বিভাগের লোকজন বেশ কয়েকবার বাধা দিলেও অবৈধ দখলদারদের দমন করতে পারেনি। বন বিভাগের লোকজন গেলে কিছুক্ষণ কাজ বন্ধ করে শ্রমিকেরা পালিয়ে যান। কিন্তু বন বিভাগের লোকজন ফিরে এলে তাঁরা ফের কাজ চালান। স্থানীয় সূত্র জানায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে সোনাদিয়ায় বন বিভাগের বিট অফিস বিধ্বস্ত হওয়ার পর থেকে পার্শ্ববর্তী ঘটিভাঙ্গা বিট অফিস থেকে সোনাদিয়ায় গিয়ে বন বিভাগের লোকজন দায়িত্ব পালন করেন। ফলে বন বিভাগের লোকজন ভূমিদস্যুদের দমনে বারবার ব্যর্থ হচ্ছেন। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান, এর আগে বন বিভাগের জমি দখল করে চিংড়ির ঘের নির্মাণের অভিযোগে ভূমিদস্যু নেতা আবদুল গফুরসহ ৩০ জন ভূমিদস্যুর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলেন, আবদুল গফুরকে গ্রেপ্তার না করা হলে বন বিভাগের জমি রক্ষা করা কখনো সম্ভব নয়। তবে আবদুল গফুর বলেন, ‘আদালতের রায় নিয়ে ৩১৫ একর জমিতে চিংড়ির ঘেরের জন্য বাঁধ নির্মাণ করছি। এর মধ্যে বন বিভাগের কোনো জমি নেই।’ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘ইতিমধ্যে বন বিভাগের করা দুটি মামলার তদন্ত চলছে। ভূমিদস্যু আবদুল গফুরসহ অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘ভূমিদস্যু নেতা আবদুল গফুরকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অবিলম্বে গফুরকে গ্রেপ্তার করা না গেলে বন বিভাগের জমি কোনো দিনই অবৈধ দখলমুক্ত হবে না।’ উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সুনিল কুমার কুণ্ডু বলেন, সোনাদিয়ার ভূমিদস্যু নেতা আবদুল গফুরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য গত ১৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন করা হয়েছে। তবে বন বিভাগের জমি যাতে কেউ দখল করতে না পারে, সে জন্য সোনাদিয়া দ্বীপে বন বিভাগের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।