ভূমিদস্যুরাই পরিকল্পিত ও সুন্দর নগর গড়ার ক্ষেত্রে প্রধান বাধা। এরা প্রস্তাবিত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। প্রস্তাবিত ড্যাপ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও নগর গবেষণাকেন্দ্র এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে পরিকল্পিত নগরায়ণের জন্য অবিলম্বে রাজধানী ঢাকা ও ঢাকাসংলগ্ন এলাকা নিয়ে ড্যাপ বাস্তবায়ন এবং ড্যাপ বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপার যুুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপির সহসভাপতি শওকত আলী খান, স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন, নগর গবেষণাকেন্দ্রের নুরুল ইসলাম নাজেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, একদিকে সরকারি পর্যায়ে ড্যাপ বাস্তবায়নে অনর্থক কালক্ষেপণ করা হচ্ছে, অন্যদিকে কিছু অসাধু হাউজিং ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ড্যাপ বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে। এই ভূমিদস্যুরা নগরের আশপাশের নদী, জলাশয়, গুরুত্বপূর্ণ প্লাবনভূমি ও উচ্চমানসম্পন্ন কৃষিভূমি দখল করে চলেছে। এর ফলে হুমকির মুখে পড়েছে রাজধানী। অবিলম্বে এই স্বার্থান্বেষী মহলের অপতত্পরতা বন্ধ করে দ্রুত ড্যাপ বাস্তবায়ন করতে হবে। বক্তব্যে আরও বলা হয়, ড্যাপ বাস্তবায়িত হলেই নগরের খাল, নদী, জলাশয়সহ কৃষিভূমি চিহ্নিত হয়ে যাবে। এতে পরিকল্পিত নগর গড়া সম্ভব হবে।