গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, সরকার যখন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভূমিদস্যুরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই চেষ্টা সফল হবে না। গতকাল শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন। বিকেল পাঁচটায় উপজেলার গালিমপুর সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষ করে সেখানে এক পথসভায় বক্তব্য দেন।প্রতিমন্ত্রী বলেন, ড্যাপ বাস্তবায়নের প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ভূমিদস্যুরা উঠে পড়ে লেগেছে। এ ক্ষেত্রে সরকার যখন অনেক দূর অগ্রসর হয়েছে, তখন তারা বিভিন্ন মহলে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল জব্বার ভূঁইয়া প্রমুখ।