ভূমিধস ও বন্যায় ২০ সড়কের ১০ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখার তেড়াকুড়ি এলাকায় সড়ক ভেঙে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারের বড়লেখার তেড়াকুড়ি এলাকায় সড়ক ভেঙে গেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভূমিধস ও বন্যায় ২০টি সড়কের প্রায় ৪৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোর দুই পাশের মাটি (শোলডার) ধসে পড়েছে। বিভিন্ন স্থানের পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে ছোট–বড় বহু গর্তের। প্রাথমিক হিসাবে, এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলায় ভূমিধসে ২টি ও বন্যায় ১৮টি সড়কের ক্ষতি হয়েছে। ভূমিধসে বড়লেখা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়-স্কুল টিলা ভায়া ডিমাইবাজার রাস্তার ২০০ মিটার এবং কাঁঠালতলী-মাধবকুণ্ড-ডিমাই বাজার রাস্তার ২০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপর দিকে বন্যার পানিতে তলিয়ে উপজেলার ১৮টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তাগুলোর দুই পাশের মাটি ভেঙে পড়েছে। পাকা রাস্তার পিচ ও ইট-পাথরের সুরকি উঠে সৃষ্টি হয়েছে ছোট–বড় বহু গর্তের। অনেক সড়ক মাসখানেক পানির নিচে ছিল। এখনো অন্তত ২৫ শতাংশ সড়কে পানি রয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে বড়লেখা চৌমোহনী-হাকালুকি হাওর ভায়া কানুনগো সড়ক, দাসেরবাজার-বাছিরপুর ভায়া কানুনগোবাজার-আজিমগঞ্জ, বড়লেখা-শাহবাজপুর, কাঁঠালতলী থেকে আজিমগঞ্জ ভায়া তেড়াকুড়ি, তালিমপুর-আজিমগঞ্জ ভায়া তালিমপুর ইউনিয়ন অফিস সড়ক, সুজাউল-চান্দগ্রাম রাস্তা, বরইতলী-বড়লেখাভায়া মুছেগুল হিনাইনগর সড়ক, দাসেরবাজার ইউনিয়ন অফিস থেকে বর্ণি গোডাউন বাজার সড়ক, বর্ণি ইউনিয়ন অফিস থেকে মনারাই মনাদি সড়ক, বর্ণি ইউনিয়ন অফিস থেকে আহমদপুর সড়ক, কাঁঠালতলী-তেড়াকুড়ি সুজানগর ইউনিয়ন অফিস সড়ক, ছোটলেখা চা-বাগান সড়ক, চান্দগ্রাম থেকে পূর্ব মাইজগ্রাম সড়ক।

বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘পানিতে তলিয়ে যাওয়া রাস্তার শোলডার নষ্ট হয়ে গেছে। কার্পেটিং, ম্যাকাডাম উঠে গেছে। এমনিতে পানি উঠলেই রাস্তা নষ্ট হয়ে যায়। এর মধ্যে কোনো কোনো রাস্তা এক মাসের বেশি পানির নিচে ছিল। এখন এসব রাস্তা দিয়ে গাড়ি চললে আরও ক্ষতি হবে।’