ভূমিধসে শ্রমিক ও সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভূমিধসে আবদুস সামাদ (৬০) নামে মাটিকাটার এক শ্রমিক ও সেপটিক ট্যাংকে পড়ে মুন্নি নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের আবু রায়হান তাঁর ফসলি জমির মাটি একটি ইটভাটায় বিক্রি করেন। ওই ভাটার জন্য গতকাল সকালে মাটি কাটার সময় ওই ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন শ্রমিক আবদুস সামাদ (৬০)। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে সাজাপুর নামাপাড়া এলাকার আবদুর রাজ্জাক বসতবাড়ির পানি নিষ্কাশনের জন্য একটি সেপটিক ট্যাংক তৈরি করেন। ট্যাংকের মুখ খোলা রেখে সেখানে তিনি বিদেশি মাগুর চাষ করছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মনির শেখের মেয়ে মুন্নি খেলতে গিয়ে ওই সেপটিক ট্যাংকে পড়ে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় রাজ্জাকের ছেলে বাবুকে (২৮) আটক করেছে পুলিশ।