ভূমিপ্রতিমন্ত্রী ও দুই সাংসদকে সংবর্ধনা দিল চট্টগ্রাম চেম্বার
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও দুই সাংসদকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে তিনজনকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত তিনজনই চট্টগ্রাম চেম্বারে প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সাংসদ এম এ লতিফ বিগত সময়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর সাংসদ মো. দিদারুল আলম বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনার জবাবে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি নিবন্ধন ও নামজারিসহ সব সেবা এক জায়গা থেকে দেওয়ার জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে।
এ জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে ভূমিসংক্রান্ত জটিলতা অনেক কমে যাবে। আবার সনাতন পদ্ধতি থেকে ভূমি কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান।