ভূমিবিরোধ জিইয়ে রেখে পাহাড়ে আইনশৃঙ্খলার উন্নতি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে এ অঞ্চলে সুষ্ঠু আর্থসামাজিক উন্নয়ন ও ভূমিবিরোধের নিষ্পত্তি সম্ভব হবে না। আর ভূমিবিরোধ জিইয়ে রেখে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করা যাবে না। গতকাল মঙ্গলবার বান্দরবানে ‘পার্বত্য চুক্তি ১৯৯৭ ও উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।আঞ্চলিক পরিষদের উদ্যোগে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট (উসাই) মিলনায়তনে আয়োজিত সেমিনারে আরও বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা ও বোমাং রাজার প্রতিনিধি চহ্লাপ্রু জিমি।সেমিনারে সন্তু লারমা অভিযোগ করেন, লোকদেখানো কিছু উদ্যোগ ছাড়া সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়। ক্ষমতা গ্রহণের ১৪ মাসে এ সরকার কিছু কমিটি গঠন ছাড়া চুক্তি বাস্তবায়নে কোনো কাজ করেনি। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য অঞ্চলের পরিস্থিতি দিন দিন অস্থির ও অশান্ত হয়ে উঠছে।সেমিনারে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, বান্দরবানে প্রশাসনের সহযোগিতায় বহিরাগত ভূমিদস্যুরা ভূমি দখল করছে। এ অবস্থায় জেলার স্থায়ী বাসিন্দারা প্রতিনিয়ত নিজভূমে পরবাসী হয়ে পড়েছে।সেমিনার শেষে সন্তু লারমা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আদিবাসীদের উপজাতি বলার সরকারি নির্দেশের প্রসঙ্গে বলেন, ‘কতিপয় আমলা ছাড়া প্রধানমন্ত্রীসহ সবাই আদিবাসী বলে থাকেন।’