ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবি
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাব্বির আহম্মেদ, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি মো. মাঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।
সমাবেশে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবি জানান।