ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন ও বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগদানের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল বৃহস্পতিবার একই দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিকে একই দাবিতে বান্দরবানে গতকাল আদিবাসীরা মানববন্ধন করেছেন। তাঁরা মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন।রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, এম এন লারমা ফাউন্ডেশন ও সমপ্রদায়ভিত্তিক নয়টি আদিবাসী ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। এদিকে বান্দরবানে সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে কয়েক শ আদিবাসী নারী-পুরুষ জড়ো হন। পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন, আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, বম সামাজিক কাউন্সিলসহ আদিবাসীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।বক্তারা বলেছেন, সরকার চলতি অধিবেশনে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধাত্মক ধারাগুলো সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং ওই কমিশন আইনে গঠিত কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম বিধিবহির্ভূতভাবে ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য তৎপরতা চালাচ্ছেন।