খাগড়াছড়িতে দুদিনের হেডম্যান-কার্বারি সম্মেলন স্থানীয় টাউন হলে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন ও পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) হেডম্যান নেটওয়ার্ক এ সম্মেলনের আয়োজন করে। প্রথম অধিবেশনে বক্তারা পাহাড়ে ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনকে আরও কার্যকর করার দাবি জানান।
সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মং সার্কেলের চিফ রাজা সাচিং প্রু চৌধুরী। এরপর শুরু হয় প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করেন হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি প্রেমলাল চাকমা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরুপা চাকমা, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) টিম লিডার ঝুমা দেওয়ান, হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সতেজ কীর্তি চাকমা।
অধিবেশনে হেডম্যান (মৌজা প্রধান) ও কার্বারিরা (গ্রাম প্রধান) নানা দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য নারী কার্বারিদের সম্মানী ভাতা চালু, রাজা হেডম্যান ও কার্বারিদের ভাতা বাড়ানো, তিন পার্বত্য জেলার প্রতিটি মৌজায় হেডম্যানদের জন্য স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে রাজা, হেডম্যান ও কার্বারিদের সম্পৃক্ত করা এবং তিন পার্বত্য জেলার প্রশাসনের সঙ্গে হেডম্যানদের সমন্বয় বাড়ানো।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্তর চাকমা। বক্তব্য দেন আইনজীবী ভবতোষ দেওয়ান, হেডম্যান উক্যসাইন চৌধুরী, হিরনজয় ত্রিপুরা, শান্তি বিজয় চাকমা, থোয়াই অং মারমা, মংনু মারমা, নারী হেডম্যান-কার্বারি নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক সান্তনা খীসা প্রমুখ।
বক্তারা বোমাং সার্কেলে নারী কার্বারি নিয়োগ দেওয়ার জন্য বোমাং রাজার কাছে অনুরোধ জানান। সম্মেলনে চাকমা ও মং সার্কেলের পাঁচ শতাধিক হেডম্যান ও কার্বারি উপস্থিত ছিলেন।