ভূমিবিরোধ নিষ্পত্তি চাইলে কমিশনে দরখাস্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, পাহাড়ে যত দুঃখ, যত সমস্যা, যত বেদনা ভূমিবিরোধ নিয়ে। ভূমিবিরোধ নিষ্পত্তি হলে পাহাড়ে শান্তি ও উন্নয়ন হবে। ভূমিবিরোধ নিষ্পত্তি চাইলে ভূমি কমিশনে দরখাস্ত করতে হবে।গতকাল রোববার দুপুর ১২টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে ভূমি কমিশনের চেয়ারম্যানও বক্তব্য রাখেন। পার্বত্যচুক্তি অনুযায়ী কাজ করছেন উল্লেখ করে বিচারপতি খাদেমুল ইসলাম বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার পর প্রথমে ভূমি জরিপের সিদ্ধান্ত নিয়েছি। জরিপের বিষয়টি ব্যয়বহুল এবং সরকারের এখতিয়ারভুক্ত।’ খাদেমুল ইসলাম আরও বলেন, ভূমি জরিপ ছাড়া ভূমিবিরোধ নিষ্পত্তি সম্ভব নয়। আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকজনের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছি। ইতিমধ্যে পাঁচ হাজার দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি দরখাস্ত শুনানির জন্য প্রস্তুত হয়েছে। আমরা মাঠপর্যায়ে দেখে যেগুলো জরিপ ছাড়া নিষ্পত্তি করা যায়, সেগুলো নিষ্পত্তি করব। বাকিগুলো জরিপের পর নিষ্পত্তি হবে। মতবিনিময় সভায় ভূমিসচিব আবদুল হামিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বলিরুল হক ভূঁইয়া ও মারিশ্যা জোনের ক্যাপ্টেন ইমাম উপস্থিত ছিলেন।