ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম শুরু করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সোমবার পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি ও সংসদের উপনেতা সাজেদা চৌধুরী কমিশনের বিচারিক কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।এদিকে, কমিশনের কার্যবিধিমালা ও কোরাম-সংক্রান্ত ধারা সংশোধন না করে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্তে কমিশনের সদস্য ও বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। কমিশনের সদস্যরা বলছেন, পার্বত্যচুক্তির সঙ্গে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধন না করে বিচারিক কার্যক্রম শুরু করা হলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের পরিবর্তে নতুন করে বিরোধ সৃষ্টি হবে। যোগাযোগ করা হলে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘পার্বত্য নেতারা আইনের সংশোধনী চেয়েছেন। সেটা সরকার করবে। তা না হওয়া পর্যন্ত বর্তমান আইনে বিরোধ নিষ্পত্তি হবে। বর্তমান আইনে যা আছে, তাও যথেষ্ট বলে আমি মনে করি।’ খাদেমুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আমরা ভূমিবিরোধ নিষ্পত্তি করতে চাই। শুনানিতে কমিশনের কোরাম পূর্ণ হলে আমরা নিষ্পত্তির সিদ্ধান্ত দেব। সেখানে জটিলতা দেখা দেওয়ার কিছু নেই। তবে আমি আশা করব, কমিশনের সব সদস্য বিচারিক কার্যক্রমে উপস্থিত থাকবেন।’কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানান, তিনি (সন্তু) ভূমি কমিশনের বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না। কমিশনের আইন সংশোধন করা না হলে বিরোধ নিষ্পত্তিতে কোনো ইতিবাচক ফল আসবে না বলে সন্তু লারমা মনে করেন। কমিশনের সদস্য চাকমা রাজা দেবাশীষ রায় বিচারিক কার্যক্রম শুরু করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, কমিশন আইনের অসঙ্গতিগুলো দূর না করে কমিশন কীভাবে কাজ করবে। আর কোরাম-সংক্রান্ত বিষয়টি সংশোধনে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত থাকলেও তা এখনো করা হয়নি। কমিশনের সদস্য হিসেবে বিচারিক কার্যক্রম শুরু করার বিষয়ে তিনি কোনো চিঠিও পাননি বলে জানান।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, কমিশন আইন অনুযায়ী ভূমিবিরোধ নিষ্পত্তিতে উপজাতীয়দের (আদিবাসী) প্রচলিত রীতিনীতি ও প্রথার কথা বলা হয়েছে। কিন্তু রীতিনীতি ও প্রথার কোনো সংজ্ঞাই এখনো নির্ধারণ করা হয়নি। তাহলে কীভাবে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে? খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা বলেন, আইন সংশোধন ও পূর্ণাঙ্গ কমিশনের সভা ছাড়া কোনো অবস্থাতে ভূমিবিরোধ নিষ্পত্তি হতে পারে না। পার্বত্য ভূমি কমিশনের রেজিস্ট্রার আবু হানিফ জানান, ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কমিশনে পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিন হাজার আবেদন শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২৭ থেকে ২৯ জানুয়ারি যতগুলো সম্ভব আবেদনের শুনানি গ্রহণ করা হবে।খাগড়াছড়ি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের পূর্ব দিকে সড়ক ও জনপথ বিভাগের একটি দ্বিতল ভবনে স্থাপন করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন কার্যালয়। ভবনের দোতলায় সাজানো হয়েছে কমিশনের এজলাস। এজলাসের দক্ষিণ পাশে বসবেন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। সামনের পূর্ব-পশ্চিম পাশে বাদী, বিবাদী এবং উত্তর পাশে দর্শনার্থীদের বসার জায়গা।