ভূমিমন্ত্রী পেলেন আন্তর্জাতিক সম্মাননা
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ সম্মাননা পেয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ ও সেবা ডিজিটালাইজিংয়ে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পান।
গতকাল রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এর সভাপতি ড. দিবাকর সুকুল আনুষ্ঠানিকভাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতি সম্মাননা উপস্থাপন করেন। উপযুক্ত কাজের জন্য ভূমিমন্ত্রীর নাম প্রতিষ্ঠানটির রেকর্ড বুকে তালিকাভুক্ত করার কথা অবহিত করেন। পরে সংগঠনটির বাংলাদেশ অংশের সভাপতি রাওমান স্মিতা ভূমিমন্ত্রীর হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন।
জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের সম্মাননা কেবল আমার নয়, এই অর্জন পুরো মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব আজ আমাদের এই অর্জন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে। আমাদের আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমাদের “মাইন্ডসেট” বদলে “বৃত্তের বাইরে” চিন্তা করতে হবে।’
ভূমিমন্ত্রীকে উৎসাহ ও প্রেরণার উৎস বর্ণনা করে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের চেয়ারম্যান বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন কেবল স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে না, মানুষের অধিকারও নিশ্চিত করবে। এ সময় তিনি যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রবাসী বাঙালিদের অসাধারণ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের বাংলাদেশ অংশের বিভিন্ন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া অসাধারণ অর্জনসমূহ যাচাই ও তালিকাভুক্তকরণপূর্বক সনদ প্রদানকারী যুক্তরাজ্যভিত্তিক একটি সংগঠন। বিজ্ঞপ্তি