ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে, থানায় আরও অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরহান শরীফ তমাল
শিরহান শরীফ তমাল

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার তাঁদের পাবনার বিচারিক হাকিম আবু বাসেত বুলু মিয়ার আদালতে পাঠানো হলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদীতে মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ছেলে এবং অন্যান্য স্থান থেকে আরও ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করে।
এদিকে মন্ত্রিপুত্রের সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গত শুক্রবার ও গতকাল শনিবার আরও দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয় ঈশ্বরদী থানায়। পুলিশ শহরে মাইকিং করে সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে।
ঈশ্বরদী বাজারের ফুড জংশন নামের একটি দোকানের মালিক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সমর্থক হওয়ায় প্রতিপক্ষের যুবলীগের নেতা-কর্মীরা তাঁর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, গুলিবর্ষণ ও লুটপাট করেছে। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় আছেন। ভাঙচুরের ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে মন্ত্রিপুত্রের ঘনিষ্ঠ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকারকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ৩৪ জনের নাম উল্লেখ করা রয়েছে। তবে ভূমিমন্ত্রীর ছেলের নাম দেননি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার এ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কলেজ রোডে মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাসের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলার জন্য তিনিও অভিযোগ জমা দিয়েছেন। এ দুটি অভিযোগ যথাযথ না হওয়ায় নিতে দেরি হচ্ছে। রাতেই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা যুবলীগের সভাপতিসহ ১১ জনকে গ্রেপ্তারের পর গতকালও শহরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক লক্ষ করা গেছে। শহরে যুবলীগের কোনো নেতা-কর্মীকে ঘোরাফেরা করতে দেখা যায়নি। দুপুরে শহরের নবাব আলীবর্দি রোডে ভূমিমন্ত্রীর বাসভবনে দেখা গেছে, তাঁর বাড়ির আশপাশে পুলিশি টহল রয়েছে। বাসার সামনে কোনো দলীয় নেতা-কর্মীকে দেখা যায়নি। শহরের মোড়ে মোড়ে ও রাস্তায় পুলিশকে টহল দিতে দেখা যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, শহরে রাজনৈতিক উত্তেজনা কমাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নিজ পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে ভূমিমন্ত্রীর স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফ বলেন, তাঁর ছেলে তমাল একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার পর স্থানীয় রাজনীতিতে এসেছে। কিন্তু তাঁর জামাতা আবুল কালাম আজাদ শত্রুতা করে তমালকে বাড়ি-দোকান ভাঙচুরের মামলায় আসামি করেছেন। এটি ষড়যন্ত্র।
শাশুড়ির বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নন। বরং সব সময় তাঁর ওপর মিথ্যা অভিযোগ চাপানো হয়েছে।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ প্রথম আলোকে বলেন, মামলার কারণে দলের মধ্যে কোন্দল ও বিভেদ আরও প্রকট আকার ধারণ করেছে।
মন্ত্রীর ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মজিদ প্রথম আলোকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়নি। প্রয়োজনে রিমান্ড চাওয়া হবে।