ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক হাকিম রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মে মুখে কালো কাপড় বেঁধে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফসহ তাঁর অনুসারীরা পৌর এলাকায় দুটি বাড়ি ও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় মন্ত্রীর জামাতা ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে ভাঙচুর হয়। এ ঘটনায় জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে ওই দিন রাতে মন্ত্রীপুত্রসহ ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে দোকান ও বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পাবনার ঈশ্বরদী থানায় যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও দুটি মামলা গত শনিবার রাতে দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা হয়। এ নিয়ে তিন দিনে যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হলো।