ভূমির অধিকার ও উন্নয়নের দাবিতে মানববন্ধন

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ভূমির অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার দাবিতে গতকাল শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে আদিবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সাঁওতাল আদিবাসীদের সামাজিক সংগঠন পারাগানা ও ওরাওঁ আদিবাসীদের বাইশি সংগঠন গোদাগাড়ী উপজেলা এ কর্মসূচি পালন করে। দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে। এ সময় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী নেতা গণেশ মাঝি, নন্দলাল টুডু, রবীন্দ্রনাথ হেমব্রম, ধানাই টুডু প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসী-অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে ভূমি থেকে আদিবাসীদের উচ্ছেদের পাঁয়তারা চলছে। গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কমলাপুর গ্রামর জমিন টুডু ও তাঁর চার ভাইয়ের ৪০ বিঘা জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। কর্মসূচি শেষে বিষয়টি নিয়ে এলাকার সাংসদ ওমর আলীর সঙ্গে মতবিনিময় করেন আদিবাসী নেতারা।
অন্যদিকে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ মাঠে পারাগানা পরিষদ বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুরবিন কিসকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জ্যাঠা টুডু, বিক্রম সরেন, শিবু মুরমু, ঈশ্বরচন্দ্র বাসকে প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, পাঁচন্দর ইউপির আদিবাসীদের জশপুর গ্রামের সমাধি দখল করার পাঁয়তারা করছে ভূমিদস্যুরা।