ভূমির অপচয় রোধে সড়কে উড়ালবাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারে জ্বলে উঠবে, আবার আলো পেলেই সঙ্গে সঙ্গে তা নিভে যাবে। এ ছাড়া কোনো একটি গাড়ি সড়কবাতির পোস্ট অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেছনের পোস্টের সঙ্গে লাগানো বাতির উজ্জ্বলতাও কমে আসবে—স্বয়ংক্রিয় এমন একটি সড়কবাতির প্রকল্প দেখালেন তরুণ উদ্ভাবকেরা। ভূমির অপচয় রোধে মহাসড়কের ওপর উড়ালবাড়ি তৈরির ধারণাও দিলেন তাঁরা।
এ ছাড়া উড়ন্ত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে চৌম্বকক্ষেত্র তৈরি করে রাডার ফাঁকি দেওয়া ড্রোন, প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী ছোট খোলা গাড়িসহ নানা প্রকল্পের উপস্থাপন করা হয় খুলনা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে। গতকাল শুক্রবার এ মেলা শেষ হয়েছে।
খুলনা সার্কিট হাউস মাঠে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় বিভাগীয় প্রশাসন তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি তাঁর বক্তৃতায় বলেন, এ মেলার অন্যতম লক্ষ্য হচ্ছে, কীভাবে সহজে ও দ্রুততম সময়ের মধ্যে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যায়।
এর আগে প্রধান অতিথি মোহাম্মদ শফিউল আলম উদ্ভাবনের ক্ষেত্রে খুলনা বিভাগের তিনজন শ্রেষ্ঠ জেলা প্রশাসক খুলনার নাজমুল আহসান, যশোরের মো. হুমায়ুন কবীর ও সাতক্ষীরার আবুল কাশেম মো. মহিউদ্দিনের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকপ্রাপ্ত উদ্ভাবক ও দুজন শ্রেষ্ঠ স্থানীয় সরকারের উপপরিচালক, চারজন অতিরিক্ত জেলা প্রশাসককেও সম্মাননা ও সনদ দেওয়া হয়।
বিভাগীয় স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকপ্রাপ্ত উদ্ভাবকেরা হলেন মাগুরার শালিখা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন, ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. উসমান গনি ও ঝিনাইদহ সদরের উপজেলা কৃষি কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে খুলনা বিভাগের ইনোভেশন কার্যক্রমের আওতায় ইনোভেশন ও আইসিটি কর্মকাণ্ডে অবদান রেখেছেন এমন মোট ১০৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেছবাহ উল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম ও খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সুবাস চন্দ্র সাহা।
অনুষ্ঠানে অতিথিরা খুলনা বিভাগের উদ্ভাবন সংকলন উদ্ভাবন নক্ষত্র-এর মোড়ক উন্মোচন করেন।