ভূমির ওপর আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন চুক্তি বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ভূমির ওপর আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি চুক্তি বাস্তবায়নের ওপর নির্ভর করছে। তিনি বলেন, সরকার যদি বিচারপতি খাদেমুল ইসলামকে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়, তাহলে পার্বত্য এলাকার ভূমি আইন সংশোধনের যে প্রক্রিয়া চলছে, তা থমকে যেতে পারে।গতকাল বুধবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভূমিসংক্রান্ত আইন, প্রথা ও রীতিনীতি নিয়ে আয়োজিত এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এ কর্মশালার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক শক্তিপদ ত্রিপুরা। সন্তু লারমা বলেন, পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে, খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিতে ভূমি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠিয়েছে। তিনি বলেন, ‘ভূমিবিরোধ নিষ্পত্তি নিয়ে আর কোনো তিক্ত অভিজ্ঞতা হোক, তা চাই না।’