ভূমির পুনঃ উন্নয়ন করে পুরান ঢাকাকে বদলে দেওয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকাকে নতুন করে ঢেলে সাজাতে ভূমি পুনঃ উন্নয়নের মাধ্যমে খণ্ড খণ্ড প্লটগুলোকে একত্র করে ব্লকভিত্তিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা উচিত। রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের জন্য গৃহীত প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সুপারিশ করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই প্রক্রিয়ায় উন্নত বাসস্থান, প্রশস্ত সড়ক, উন্মুক্ত স্থান, বিনোদন কেন্দ্রসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার সুযোগ বাড়বে।
গতকাল মঙ্গলবার নতুন ড্যাপের জন্য এলাকাভিত্তিক জনমত যাচাইয়ের উদ্দেশ্যে পুরান ঢাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক ও ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস (ডিডিসি) যৌথভাবে এই সভার আয়োজন করে। পুরান ঢাকার হরনাথ ঘোষ সড়কের বাচ্চু সরদার ফাউন্ডেশনের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
ঢাকার উন্নয়নে প্রথম মহাপরিকল্পনা নেওয়া হয় ১৯৫৯ সালে। সর্বশেষ ১৯৯৫ সালে নেওয়া হয় ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি)। ২০১৫ সালে এর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তা বাড়ানো হয়েছে। এর মধ্যে ২০১৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত পরবর্তী ২০ বছরের জন্য ঢাকার খসড়া কাঠামো পরিকল্পনা প্রণয়ন করা হয়। এটাকে ভিত্তি ধরেই এখন চলছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের কাজ।
গতকালের মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় অনেক ব্যক্তি অংশ নেন। এ ওয়ার্ডগুলোর আওতাভুক্ত এলাকা হচ্ছে পুরান ঢাকার বকশিবাজার, চাঁদনীঘাট, চকবাজার, মৌলভীবাজার, পুরাতন জেলখানা এলাকা, ইসলামবাগ, রহমতগঞ্জ ও বাবুবাজার।
সভার শুরুতে রাজউকের সদস্য (পরিকল্পনা) জিয়াউল হাসান তাঁর বক্তব্যে নগর-পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনমত যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কেবল এই বিষয়টির ঘাটতি থাকার কারণে বিদ্যমান ড্যাপে অনেক ভুল থেকে গেছে। যার মাশুল দিতে হচ্ছে অনেক সাধারণ মানুষকে।
এ পর্যায়ে পুরান ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ জায়গায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ল্যান্ড রিডেভেলপমেন্ট বা ভূমির পুনঃ উন্নয়নের কার্যকারিতাও তুলে ধরেন তিনি। এ প্রক্রিয়ায় ছোট প্লটগুলোকে একত্র করে ব্লকভিত্তিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয় বলে জানান তিনি।
পরে বিষয়টি ব্যাখ্যা করেন নতুন ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম। তাঁর মতে, নগর-পরিকল্পনার পরিসরে অনেকখানি নতুন প্রপঞ্চ এই ভূমির পুনঃ উন্নয়নের ধারণা। পুরান ঢাকার অধিকাংশ প্লটের আয়তন এক কাঠা, আধা কাঠা বা দেড় কাঠার মধ্যে। এত ছোট প্লটগুলোতে ভবন নির্মাণের জন্য অনুমোদন দেওয়া অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। কারণ এসব প্লটসংলগ্ন সড়কগুলোও অনেক সরু। এ অবস্থায় এই প্লটগুলোকে একত্র করে যদি তিন বিঘা, পাঁচ বিঘা আয়তনের একেকটি ব্লক তৈরি করা যায়, তাহলে সেখানে নতুন করে নির্মিত বহুতল ভবনে প্রত্যেকে একাধিক ফ্ল্যাট পেতে পারেন। জমির পরিমাণ ও সড়কের জন্য ছেড়ে দেওয়া জায়গার অনুপাত হিসাব করে কে কতটা ফ্ল্যাট পাবেন, সেটা নির্ধারণ করা হবে। সেই সঙ্গে ওই ব্লকের মধ্যেই উন্মুক্ত স্থান, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, বিনোদন কেন্দ্রসহ অন্যান্য নাগরিক সুবিধার সংস্থান করাটাও সহজ হবে। বিদ্যমান কাঠামো ঠিক রেখে যা কোনোভাবেই সম্ভব নয়।
ইতিমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে এই প্রক্রিয়া প্রয়োগে সফলতা এসেছে বলেও জানান আশরাফুল ইসলাম।
এ ছাড়া এ বিষয়ে কথা বলেন নতুন ড্যাপের পার্ট এ ও বি-এর দলনায়ক আখতার হোসেন চৌধুরী এবং কাজী গোলাম হাফিজ। কেউ এই প্রক্রিয়ায় আগ্রহী হলে রাজউক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
রাজউকের কর্মকর্তা ও নতুন ড্যাপের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এই সুপারিশ সানন্দে গ্রহণ করেন সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা। তবে পুরান ঢাকায় এই প্রক্রিয়া প্রয়োগের আগে এর কার্যকারিতা প্রমাণের জন্য রাজউককে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দেন তাঁরা।
এ বিষয়ে স্থানীয় ব্যক্তি সোহরাব হাসান রাজউক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এই ধারণাটি (ভূমির পুনঃ উন্নয়ন) খুবই চমৎকার, সন্দেহ নেই। এটা হলে আমরাও লাভবান হব। তবে বিষয়টি আগে রাজউককে প্রমাণ করতে হবে। আমাদের আস্থা অর্জন করতে হবে রাজউককে।’
২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভূমির পুনঃ উন্নয়নের প্রক্রিয়া তাঁর এলাকায় প্রয়োগের জন্য ভবনমালিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।
সভায় আরও বক্তব্য দেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউনুছ সুমন, ৩১ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার পারভেজ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসান প্রমুখ।
তাঁদের বক্তব্যে পুরান ঢাকার বেহাল ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও করুণ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলোও উঠে আসে। এ ছাড়া পুরোনো জেলখানা এলাকায় একটি খেলার মাঠ এবং গাবতলী-সদরঘাট বেড়িবাঁধ সড়কটিকে দুই লেনে উন্নীত করে এর চারপাশে সৌন্দর্য বর্ধনের দাবি জানান তাঁরা।