ভূমির মালিকানা ফেরত দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব কর্মসূচি থেকে আদিবাসী হিসেবে স্বীকৃতি, ভূমির অধিকার ও মালিকানা ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার (আসুস) আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফামের সহযোগিতায় বেলা ১১টায় নগরের আলুপট্টির মোড়ে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান। কাদিরগঞ্জ গ্রেটার রোডে সাফাওয়াং চায়নিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এরপর নগরের সাফাওয়াং মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আদমদীঘি (বগুড়া): সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন, চাকরিতে কোটাপদ্ধতি চালু, আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে নওগাঁ শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা করে আদিবাসী ওঁরাও ছাত্র পরিষদ। বেলা ১১টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি স্থানীয় মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া মুক্তি সিনেমা হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার।
জয়পুরহাট: বেলা সাড়ে ১১টার দিকে শহরের রেলঘুমটি চত্বরের সিপিবি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে জেলা জাতীয় আদিবাসী পরিষদ। শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। এ সময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা চালু করা ও আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা সদরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, আদিবাসী সমাজকল্যাণ সমিতি, আদিবাসী পারগানা ও দিঘরী পরিষদ যৌথভাবে শোভাযাত্রা এবং জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে সমাবেশ করে। এ সময় বক্তারা গোমস্তাপুরে আদিবাসী নেত্রীর ওপর হামলা ও যৌন নিপীড়নের বিচার দাবি করেন। এ ছাড়া নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। নাচোল ডিগ্রি কলেজে শোভাযাত্রা উদ্বোধনের সময় শুভেচ্ছা বক্তব্য দেন সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন, নিজেদের ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা প্রদানের দাবি জানান। এ ছাড়া আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (আসারু) উদ্যোগে সকাল ১০টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করা হয়।
দিনাজপুর: দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় লোকভবনে সকালে দিনাজপুর আদিবাসী ছাত্র ঐক্যজোটের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। ঐক্যজোটের সভাপতি জন মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি নাজির হোসেন। বক্তব্য দেন জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি গণেশ সরেন, সাধারণ সম্পাদক রুবেন মুরমু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈকত পাল, জেলা সমবায় ইউনিয়ন ও নর্দান আদিবাসী সমিতির চেয়ারম্যান ফাবিয়ান মন্ডল, ওঁড়াও যুব সংঘের সভাপতি লিটন মার্ফ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রতন মার্ডি প্রমুখ।