নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা ভূমির মালিকানা বিরোধ-সংক্রান্ত দরখাস্ত করতে পারেননি, তাঁরা চাইলে যেকোনো সময় আবেদন করতে পারবেন। তাঁদের দরখাস্ত আমলে নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। খাগড়াছড়িতে কমিশনের কার্যালয়ে দরখাস্ত জমা দেওয়ার নির্ধারিত ৪৫ দিনের মধ্যে ১৫ হাজার ৯৬৯টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। গতকাল রোববার রাঙামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় সভা শেষে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
আনোয়ার উল হক বলেন, কমিশনের কাজে গতি বাড়াতে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দিতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। জনবল-সংকটের কারণে কমিশনে জমা পড়া ভূমি বিরোধ-সংক্রান্ত আবেদন যাচাই-বাছাইয়ের কাজে দেরি হচ্ছে। তিনি আরও বলেন, খাগড়াছড়ি জেলা থেকে ভূমি বিরোধ-সংক্রান্ত আবেদন সবচেয়ে বেশি জমা পড়েছে।
বিরোধপূর্ণ ভূমি নিয়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি ও বাঙালিদের কাছে দরখাস্ত আহ্বান করেছিল পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। গত সেপ্টেম্বরে এক বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে দরখাস্ত জমা দিতে সময় বেঁধে দেয় কমিশন। ২৪ অক্টোবর ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন।
সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কমিশনের যে জনবল আছে, তা দিয়ে আপাতত কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
কমিশনের সদস্য চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, কমিশনের আইন অনুযায়ী কাজ করা হবে। আইনের বাইরে কেউ যাবে না। এতে কেউ বৈষম্যের শিকার হবে না।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, সংশোধিত ভূমি কমিশন আইন প্রয়োগের জন্য বিধিমালা প্রণয়ন করা অপরিহার্য। বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত আইনের প্রয়োগ সম্ভব হবে না। দ্রুত বিধিমালা প্রণয়নের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে গতকালের বৈঠকে কমিশনের সদস্যরা একমত হয়েছেন। এ ছাড়া সংশোধিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাসের পর সরকারি গেজেটেও দ্রুত বিধিমালা প্রণয়ন করার বিষয়টি উল্লেখ রয়েছে।
রাঙামাটিতে গতকাল কমিশনের দ্বিতীয় সভা হয়। এতে উপস্থিত ছিলেন মং সার্কেলপ্রধান রাজা সাচিং প্রু চৌধুরী, বোমাং সার্কেলপ্রধান রাজা উচোপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কৈশহ্লা মারমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি মোমিনুর রশীদ প্রমুখ। তবে কমিশনের সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী অনুপস্থিত ছিলেন।