ভূমির হুকুমদখল বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জারি করা ভূমির হুকুমদখলের আদেশ বাতিলের দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাঙামাটি পৌরসভার ঝগড়াবিল মৌজার কয়েকটি গ্রামের অধিবাসীরা। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, উন্নয়ন কার্যক্রম চালানোর নামে দরিদ্র জনগোষ্ঠীকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। এটি মানবাধিকার পরিপন্থী। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ১০০ একর জায়গা হুকুমদখলের আদেশ দেওয়া হয়েছে। ওই এলাকার লোকজনকে ষাটের দশকে কাপ্তাই বাঁধের কারণে এবং আশির দশকে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সেক্টর হেডকোয়ার্টার ও পর্যটন কেন্দ্র স্থাপনের নামে উদ্বাস্তুতে পরিণত করা হয়েছিল।
বিলাইছড়ি পাড়ার অধিবাসী মিলন কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান সুরঞ্জন দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে গত বছরের ১৭ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝগড়াবিল মৌজার ১০০ একর জায়গা হুকুমদখলের আদেশ জারি করা হয়।