ভূমির হয়রানি দূর করতে চট্টগ্রামে 'খোলা জানালা' কর্মসূচি
ভূমির মালিকদের সেবা পেতে হয়রানি ও বিড়ম্বনা দূর করতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও সার্কেলের ভূমি কার্যালয়ে চালু হলো ‘খোলা জানালা’ নামের কর্মসূচি। আজ বুধবার প্রথমবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এখন থেকে প্রতি বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ষোলোশহর এলাকার এ কার্যালয়ে এসে ভূমির মালিকেরা সহকারী কমিশনারের (ভূমি) কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। চান্দগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার মো. রুহুল আমীন ভূমিমালিকদের অভিযোগ শুনবেন।
আজ শুনানিতে মো. রুহুল আমীন বলেন, ‘ভূমিমালিকেরা সহজে সেবা পাক, এটাই আমাদের চাওয়া। ভূমি কার্যালয়গুলো সম্পর্কে অনেকের মনে নানা ধরনের ভীতি রয়েছে।’ তিনি বলেন, অনেক ভূমি কার্যালয়েই মালিকেরা সেবা পেতে বিড়ম্বনার শিকার হোন। তিনি বলেন, অনেকে দালালে খপ্পরে পড়েন। এখন থেকে প্রতি বুধবার ভূমিমালিকেরা সশরীরে হাজির হয়ে সেবাসংক্রান্ত যেকোনো সমস্যার কথা নির্ভয়ে বলতে পারবেন।
চান্দগাঁও সার্কেলের অধীন তিনটি ভূমি কার্যালয় রয়েছে। এগুলো হচ্ছে ষোলোশহর, চান্দগাঁও ও কাট্টলী ভূমি কার্যালয়।
আজ প্রথম দিনের শুনানিতে চান্দগাঁও সার্কেলের ভূমি কার্যালয়ে এসেছিলেন ১২ জন। তাঁরা নামজারি, খাজনা পরিশোধ, জমি নিয়ে মামলা-মোকদ্দমাসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এঁদেরই একজন নগরের লালখান বাজারের ইমামউদ্দিন ভূঁইয়া। তিনি কাট্টলী ভূমি কার্যালয়ে যান নামজারির জন্য। কিন্তু সেখানে তাঁর নামজারি না করে হয়রানি করা হয়। এ কথা জানানোর পর কাট্টলী কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ইমামউদ্দিনের নামজারি করতে নির্দেশ দেন সহকারী কমিশনার রুহুল আমীন।
ওমর ফারুক খতিয়ান ১১৩০। সহকারী কমিশনার সেগুলো কাগজে লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।